আকবরের দ্বীন‑ই‑ইলাহী এবং বাংলা নববর্ষের বৌদ্ধিক জন্ম
মুঘল সম্রাট জালালুদ্দিন মুহাম্মদ আকবরকে বোঝার জন্য তার সামরিক সাফল্য বা প্রশাসনিক দক্ষতার দিকে তাকানো যথেষ্ট নয়; তাকে বুঝতে হলে তার বৌদ্ধিক প্রকৃতি, ধর্মীয় অনুসন্ধিৎসা এবং জ্ঞান‑রাজনীতির প্রতি তার দৃষ্টিভঙ্গিকে বিশ্লেষণ করতে হবে। আকবর ছিলেন এমন এক শাসক, যিনি ধর্মকে কেবল আধ্যাত্মিক অনুশীলন হিসেবে দেখেননি; তিনি ধর্মকে দেখেছিলেন রাষ্ট্র পরিচালনার নৈতিক ভিত্তি, সামাজিক সংহতির উপাদান এবং রাজনৈতিক বৈধতার উৎস হিসেবে। তার শাসনামলে ধর্মীয় সহনশীলতা, বহুধর্মীয় সংলাপ এবং মানবিক নৈতিকতার ওপর যে জোর দেখা যায়, তা সমসাময়িক ভারতীয় উপমহাদেশে ছিল একেবারেই ব্যতিক্রম। এই ব্যতিক্রমী অবস্থানই তাকে একদিকে ইতিহাসের অন্যতম প্রগতিশীল শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে, অন্যদিকে তাকে সমসাময়িক ধর্মীয় কর্তৃত্বের সঙ্গে সংঘাতের দিকেও ঠেলে দিয়েছে।
আকবর উদ্ভাবিত ধর্ম দ্বীন‑ই‑ইলাহীর উৎপত্তি বুঝতে হলে ইবাদতখানার দিকে তাকাতে হবে। ১৫৭৫ সালে ফতেহপুর সিক্রিতে প্রতিষ্ঠিত এই ইবাদতখানা ছিল এক ধরনের বৌদ্ধিক পরীক্ষাগার, যেখানে বিভিন্ন ধর্মের পণ্ডিতরা একত্র হয়ে ধর্মতত্ত্ব, নৈতিকতা, ঈশ্বরতত্ত্ব এবং মানবজীবনের উদ্দেশ্য নিয়ে বিতর্ক করতেন। আকবর নিজে এসব আলোচনায় অংশ নিতেন এবং বহু প্রচলিত ধর্মীয় ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলতেন। তার এই প্রশ্নমুখর মনোভাব রক্ষণশীল উলামাদের কাছে ছিল অস্বস্তিকর। তারা মনে করতেন, সম্রাট ধর্মীয় কর্তৃত্বের সীমা অতিক্রম করছেন এবং ইসলামের ব্যাখ্যার ক্ষমতা নিজের হাতে নিতে চাইছেন। আকবরের দৃষ্টিতে ধর্ম ছিল মানুষের নৈতিক উন্নতির পথ; কিন্তু উলামাদের দৃষ্টিতে ধর্ম ছিল প্রতিষ্ঠিত শারিয়াহ‑ব্যবস্থার ওপর দাঁড়ানো এক স্থিতিশীল কাঠামো। এই দুই দৃষ্টিভঙ্গির সংঘাতই পরবর্তীকালে দ্বীন‑ই‑ইলাহীর বিরোধিতার মূল ভিত্তি তৈরি করে।
দ্বীন‑ই‑ইলাহী কোনো গ্রন্থভিত্তিক ধর্ম ছিল না; এটি নৈতিকতা, মানবিকতা এবং আধ্যাত্মিক অনুশীলনের ওপর দাঁড়ানো একটি দর্শন। এতে ইসলাম, হিন্দু, জৈন, জোরোস্ট্রিয়ানসহ বিভিন্ন ধর্মের উপাদান মিলিয়ে একটি সমন্বিত নৈতিক পথ গঠনের চেষ্টা ছিল। আকবর বিশ্বাস করতেন, ধর্মের মূল উদ্দেশ্য মানুষের নৈতিক উন্নতি; তাই তিনি ধর্মীয় আচার‑অনুষ্ঠানের পরিবর্তে নৈতিক আচরণের ওপর বেশি গুরুত্ব দেন। তার এ ধারণা তৎকালীন উলামাদের ব্যাপক সমালোচনার মুখে পড়ে। তারা মনে করতেন আকবর শারিয়াহর বাইরে গিয়ে নতুন ধর্ম উদ্ভাবনের চেষ্টা করছেন, যা ইসলামী ঐতিহ্যের পরিপন্থী। ফলে দ্বীন‑ই‑ইলাহী জন্মের পর থেকেই এটি তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
শারিয়াহ মূলত ইসলাম নির্দেশিত নৈতিক‑আধ্যাত্মিক আদর্শ, যার ভিত্তি কোরান ও সুন্নাহ। এটি সকল ইসলামী আইন কানুনের উৎস। মধ্যযুগে সাম্রাজ্য বিস্তার, প্রশাসনিক প্রয়োজন এবং বিচারব্যবস্থার জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে এই আদর্শকে বাস্তব জীবনে প্রয়োগযোগ্য করতে ফিকহ বা ইসলামী আইনতত্ত্ব গড়ে ওঠে। ইসলামের দৃষ্টিত শারিয়াহ অপরিবর্তনীয় নৈতিক আদর্শ আর ফিকহ হল এর মানবিক-আইনগত ব্যাখ্যা। ফিকহ বিভিন্ন মাযহাবে—হানাফি, মালিকি, শাফেয়ি, হাম্বলিতে—ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে। আকবরের সময় উলামারা মনে করতেন শারিয়াহর এই ব্যাখ্যার কর্তৃত্ব কেবল তাদেরই এবং সম্রাটের হস্তক্ষেপ সেই ঐতিহাসিক কর্তৃত্বকে শুধু নয় শারিয়াহর মূল ভিত্তিকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
উলামাদের বিরোধিতার সবচেয়ে স্পষ্ট উদাহরণ পাওয়া যায় শায়খ আবদুল কাদির বদায়ুনির লেখায়। তিনি ছিলেন একজন ইতিহাসবিদ, যিনি আকবরের দরবারে অনুবাদক ও ইমাম হিসেবে কাজ করতেন। আকবরের নির্দেশে তিনি রামায়ণ, মহাভারত (রাজনামা) ও অন্যান্য সংস্কৃত গ্রন্থ ফারসিতে অনুবাদ করেন। বদায়ুনি ছিলেন রক্ষণশীল চিন্তাধারার এবং আকবরের ধর্মনীতির কঠোর সমালোচক। তার প্রধান গ্রন্থ ‘মুনতাখাব‑উত‑তাওয়ারিখ’‑এ তিনি দ্বীন‑ই‑ইলাহীকে ‘বিধর্মী প্রবণতা’ হিসেবে বর্ণনা করেন এবং আকবরকে ধর্মীয় সীমা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেন। বদায়ুনির মতে, আকবরের ধর্মনীতি ইসলামের মৌলিক কাঠামোকে আঘাত করে মুসলিম সমাজকে বিভ্রান্তির দিকে নিয়ে যাবার প্রচেষ্টা। ‘মুনতাখাব‑উত‑তাওয়ারিখ’ ১৫৯৫ সালে রচিত একটি ইতিহাসগ্রন্থ, যেখানে সবুক্তগিন থেকে আকবরের শাসনবর্ষ পর্যন্ত রাজনৈতিক ও দরবারি ঘটনাবলি ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। একইভাবে মাওলানা আবদুল্লাহ সুলতানপুরী আকবরের এই উদ্যোগকে সরাসরি ‘বিদআত’ হিসেবে আখ্যা দেন। তার মতে, আকবরের নীতি শারিয়াহ কর্তৃত্বকে ক্ষুণ্ণ করে মুসলিম সমাজকে ভুল পথে পরিচালিত করছে।
বিদআত শব্দটি আরবি বদ‘আ ধাতু থেকে এসেছে, যার অর্থ ‘নতুন কিছু সৃষ্টি করা’ বা ‘আগে যার কোনো দৃষ্টান্ত নেই এমন কিছু উদ্ভাবন করা’। ইসলামী ধর্মতত্ত্বে বিদআত বলতে বোঝানো হয়—ধর্মের মূল উৎসে (কোরান ও সুন্নাহ) যার ভিত্তি নেই, এমন কোনো নতুন বিশ্বাস, আচার বা ধর্মীয় বিধানকে ধর্মের অংশ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা। অর্থাৎ, বিদআত হলো ধর্মীয় কাঠামোর ভেতরে মানুষের নিজস্ব উদ্ভাবন যোগ করা, যা ইসলামী ঐতিহ্যে সন্দেহজনক বা অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
ফিকহ শাস্ত্রে বিদআত ধারণাটি বিশেষ গুরুত্ব পায়, কারণ উলামারা মনে করতেন ধর্মীয় বিধান কেবল আল্লাহ নির্দেশিত উৎস থেকেই আসতে পারে; মানুষের যুক্তি বা রাজনৈতিক ক্ষমতা দিয়ে নতুন ধর্মীয় পথ তৈরি করা গ্রহণযোগ্য নয়। এ কারণেই আকবরের দ্বীন‑ই‑ইলাহীকে তারা বিদআত হিসেবে দেখেছেন—তাদের মতে, আকবর ধর্মীয় কর্তৃত্বের সীমা অতিক্রম করে এমন একটি নৈতিক‑আধ্যাত্মিক কাঠামো তৈরি করছেন, যার কোনো ভিত্তি ইসলামের মূল উৎসে নেই। ফলে বিদআতের অভিযোগ কেবল ধর্মতাত্ত্বিক নয়; এটি ছিল ধর্মীয় ক্ষমতা, এর ব্যাখ্যার অধিকার এবং রাজনৈতিক কর্তৃত্বের প্রশ্নও।
আকবরের ঘনিষ্ঠ উপদেষ্টা আবুল ফজলও উলামাদের সমালোচনার লক্ষ্য হয়ে ওঠেন। তিনি দ্বীন‑ই‑ইলাহীর অন্যতম বৌদ্ধিক স্থপতি ছিলেন, উলামারা তাকে ‘ধর্মদ্রোহী’ বলে সমালোচনার করেন এবং মনে করতেন তিনিই আকবরকে ধর্মীয় উদ্ভাবনের পথে ঠেলে দিচ্ছেন। আবুল ফজলের বিরুদ্ধে হত্যার ফতোয়া পর্যন্ত জারি হয়েছিল, যা দেখায় যে আকবরের ধর্মনীতি কেবল বৌদ্ধিক বিতর্কের বিষয় ছিল না; এটি ছিল রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য নিয়েও এক গভীর সংঘাত। আকবরের আমলের সর্বোচ্চ ধর্মীয় প্রশাসনিক কর্মকর্তা মাওলানা আবদুল নবি প্রথমদিকে আকবরের ঘনিষ্ঠ হলেও পরে তিনি আকবর প্রবর্তিত ধর্মের বিরোধিতা শুরু করেন। তিনি দ্বীন‑ই‑ইলাহীকে ইসলামের মৌলিক কাঠামোর জন্য হুমকি বলে উল্লেখ করতেন।
- ট্যাগ:
- মতামত
- বাংলা নববর্ষ