বিহারীদের পুনর্বাসনের বিষয়ে নেয়া প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নের পূর্বে বিহারী ক্যাম্প উচ্ছেদ না করতে দুই মাসের জন্য স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিহারীদের দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর আদেশ বাস্তবায়নের পূর্বে পল্লবীর এমসিসি ক্যাম্প ও ফুটবল গ্রাউন্ড ক্যাম্পসহ মিরপুর ১০,১১ ও ১২-তে অবস্থিত ক্যাম্পের উচ্ছেদের সিদ্ধান্ত কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ অন্যান্য ২৪ জনকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী পক্ষে ছিলেন, আইনজীবী মো. শাহজাহান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নী জেনারেল মো. সারোয়ার হোসেন ও সহকারী অ্যাটর্নী জেনারেল শাহানা পারভীন। আইনজীবী মো. শাহজাহান বলেন, বিহারীদের পুনর্বাসনের বিষয়ে নেয়া প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নের পূর্বে বিহারী ক্যাম্প উচ্ছেদ না করতে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে পল্লবীতে অবস্থিত বিহারীদের এমসিসি ক্যাম্প, ফুটবল গ্রাউন্ড ও পল্লবীর ১০,১১ ও ১২’র ক্যাম্পগুলোতে উচ্ছেদ অভিযান চালাতে পারবে না।গত ২৭শে আগস্ট পল্লবীতে অবস্থিত বিহারীদের এমসিসি ও ফুটবল গ্রাউন্ড ক্যাম্পকে উচ্ছেদ করতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ একটি চিঠি দিলে বিহারীদের সংগঠন ইউএসপিওয়াইআরএম'র মিল্লাত ক্যাম্প কমিটির সভাপতি মো. সেলিম ও উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সহ-সাংগঠনিক সম্পাদক কামরান হায়দার প্রধানমন্ত্রীর আদেশ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্থিতাবস্থার আদেশ চেয়ে একটি রিট আবেদন করলে হাইকোর্ট এ আদেশ দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.