‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা
প্রশিক্ষিত সাঁতারু ছিলেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি। তাই এই তরুণের পানিতে ডুবে মৃত্যু হতে পারে না বলে মনে করেন তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিম। তিনি আজ শনিবার প্রথম আলোকে বলেন, ‘সে (তাহসিফ) কারও ধাওয়ায় দৌড় দেবে, আর তাকে ধাওয়াই বা কে দেবে? প্রশ্নই আসে না। আর ধাওয়ায় দৌড় দেওয়ারও কথা না।’
গত মঙ্গলবার বন্ধুর ডাকে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। পরদিন ঢাকার উত্তরখানের তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জায়গাটি রাজবাড়ী ঘাট হিসেবে পরিচিত।
গতকাল শুক্রবার দিবাগত রাত একটার পর কে এম এনায়েতুল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। তাহসিফকে হত্যা করে লাশ গুম করতে নদীতে ফেলা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
তাহসিফ নিখোঁজ হওয়ার আগে একটি সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ হিসেবে শনাক্ত করেছিলেন।
গত বৃহস্পতিবার দীপকে প্রথমে হেফাজতে নেয় পিবিআই। আজ তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে নৌ পুলিশ। আদালতে তোলা হলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।