জ্যেষ্ঠতা ভেঙে দুদকে পদোন্নতি, গোয়েন্দা প্রতিবেদন নিয়ে বিতর্ক
দীর্ঘ প্রতীক্ষার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০১১ ব্যাচের সাত কর্মকর্তাকে উপ-পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রথম ধাপের এই পদোন্নতি কর্মকর্তাদের মাঝে আশার সঞ্চার করলেও জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে সংস্থাটিতে অসন্তোষ ও বিতর্ক তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় মেধাক্রমের ৪ থেকে ১১ নম্বরে থাকা শীর্ষ কর্মকর্তাদের কেউই স্থান পাননি, অথচ জ্যেষ্ঠতার তালিকায় তুলনামূলক পেছনের সারির কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন। জ্যেষ্ঠতায় এগিয়ে থেকেও বঞ্চিত হওয়ায় কর্মকর্তাদের একাংশের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, অনুসন্ধান ও তদন্তকাজের দক্ষতা এবং জ্যেষ্ঠতার পরিবর্তে বাইরের গোয়েন্দা প্রতিবেদন ও তদবিরকে প্রাধান্য দেওয়া হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার তালিকা কতটা অনুসরণ করা হয়েছে এবং কোন মানদণ্ডে কর্মকর্তাদের নির্বাচন করা হয়েছে; তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে, যা প্রতিষ্ঠানটির পেশাগত পরিবেশ ও স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে।