এনসিপি সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেছেন, তার বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মন্তব্য চলমান তদন্তকে প্রভাবিত করতে পারে।
আজ রোববার সংসদে এই অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি সংসদীয় রীতিনীতি মেনেই ওই মন্তব্য করেছেন। তিনি বলেন, এখানে প্রভাবিত করার জন্য আমরা কোনো স্টেটমেন্ট দিই না।
গত বুধবার রাতে কুষ্টিয়ায় নিজ গ্রামের বাড়িতে আগুনের ঘটনার কথা উল্লেখ করে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, ‘আগুন সন্ত্রাসের ঘটনায় আমি আসলে দুইবার আহত হয়েছি।’
তিনি বলেন, ‘প্রথমবার আমি যখন দেখেছি আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আর দ্বিতীয়বার, যখন আমি দেখেছি এই মহান জাতীয় সংসদে শ্রদ্ধাভাজন সহকর্মীরা আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া নাশকতাকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন।’
তিনি বলেন, আমার বাড়িতে মধ্যরাতে যখন আগুন দেওয়া হয়, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, বিস্ফোরণের মতো পুরো আকাশ লাল হয়ে দাউদাউ করে সারা বাড়িতে আগুন জ্বলে ওঠে। বাড়ি থেকে নারীরা, বাচ্চারা দৌড়ে বের হয়ে আসছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। কিন্তু তখনও বাড়ির দেয়ালের বৈদ্যুতিক বাতিটি জ্বলছিল।
তিনি আরও বলেন, এটা খুবই আক্ষরিক প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। এ প্রমাণ থাকা সত্ত্বেও সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে যখন বলা হয়, বাড়িটি পরিত্যক্ত ছিল কিংবা এটি শর্ট সার্কিটের ঘটনা, তখন আসলে আমার কাছে মনে হয়, তদন্ত চলাকালীন এ ধরনের বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে।