বিহারি ক্যাম্পে আটকের পর অবরোধ-সংঘর্ষে রণক্ষেত্র সিদ্ধিরগঞ্জ
বিহারি ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ; এতে আহত হয়েছে অন্তত ১৫ জন।
পুলিশের ওপর হামলার ঘটনায় সুমিলপাড়া বিহারি কলোনি থেকে আটক ৩২ জনকে ছাড়িয়ে নিয়ে সকালে সিদ্ধিরগঞ্জ থানার সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। একপর্যায়ে তারা সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
পাশাপাশি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে। তারপরই ধাওয়া-পাল্টা ধাওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে আদমজী-চাষাড়া সড়ক রণক্ষেত্রে পরিণত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তারা আরও বলেন, বিক্ষোভকারীরা এ সময় সড়কে চৌকি, কাঠের গুড়িসহ বিভিন্ন মালামাল দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এতে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। আদমজী বিহারি কলোনির সড়কেও লোকজন জড়ো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান দুপুরে সাংবাদিকদের বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্প এলাকায় আদমজী শাহী জামে মসজিদের ভেতরে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ ১২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়।