শিক্ষাবঞ্চিত রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ কী
বিশ্বজুড়ে যখন আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হচ্ছে, তখন ৫০ লাখের মতো শিশু বাংলাদেশে বেড়ে উঠছে শিক্ষাবঞ্চিত অবস্থায়। কখনো কোনো শ্রেণিকক্ষের ভেতরটা না দেখা এসব শিশুর মধ্যে শুধু ৪৩ লাখ বাংলাদেশিই নয়, ৫ লাখ রোহিঙ্গা শিশুও রয়েছে। এসব শিশু কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে দুর্দশাগ্রস্ত জীবন যাপন করছে। শরণার্থীরা কি নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসিত হবে, নাকি তারা তৃতীয় কোনো দেশের শরণাপন্ন হবে? না অন্য কোনো উপায়ে হবে সংকটের সমাধান? এসব নিয়ে আমরা যত আলাপ করি না কেন, শিক্ষাবঞ্চিত অবস্থায় বড় হলে রোহিঙ্গা শিশুদের একটি প্রজন্ম ভবিষ্যতে নিজেদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ হারাবে। জীবনমানের উন্নয়ন ঘটানো অথবা যেখানে বাস করবে, সেখানকার অর্থনীতিতে অবদান রাখারও সুযোগ পাবে না তারা।