মনের মত স্টেকের মাংস কোরবানিতে নাও মিলতে পারে। ছবি: সংগৃহীত

কোরবানির মাংস দিয়ে যেভাবে কাটবেন বিফ স্টেক (ভিডিও সহ)

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৮, ২২:৫০
আপডেট: ২১ আগস্ট ২০১৮, ২২:৫০

(প্রিয়.কম) বিফ স্টেক খাবারটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের দেশে। আর এ কারণেই বেশ চড়া দামে বিক্রি হয় রেস্তরাঁগুলোতে, যা হয়তো প্রায়ই মধ্যবিত্তের নাগালের বাইরে। চড়া দামের এই খাবারটি কিন্তু চাইলে সহজেই বাড়িতে তৈরি করা যায়, যদি জানা থাকে সঠিক কৌশল। কোরবানি ঈদে পর্যাপ্ত পরিমাণ মাংস থাকবে প্রায় সকলের ঘরেই। স্বাদ বদলে এটাই সময় স্টেক তৈরি করার।

কীভাবে কাটবেন রেস্তরাঁর মত স্টেক? জেনে নিন কিছু সহজ কৌশল।

১। কোরবানি ঈদের দিন প্রচুর পরিমাণ সতেজ মাংস পাওয়া তো যায় ঠিক-ই, কিন্তু তাতে স্টেক কাটার মত মাংস মেলে কমই। বেশীরভাগ ক্ষেত্রে কসাইরা মাংস টুকরো টুকরো করে ফেলে। সেখান থেকেই ভাগ বাটোয়ারা হয়ে তবেই রান্নাঘরে পোঁছায়। এই জন্যে আগে থেকেই বলে রাখুন মাংস একটু বড় বড় টুকরো করতে। বড় টুকরো থেকে একটু চেষ্টা করলেই স্টেক কাটা যাবে।

২। দক্ষ কসাই নিয়োগ দিন। অদক্ষ কসাই মাংস একদম নষ্ট করে ফেলে। স্টেকের ব্যাকরন অনুযায়ী মাংস হয়তো কোরবানিতে মিলবে না, কারণ সব মাংস সমান ভাগ হবে। তাই যে মাংস পাচ্ছেন, সেটা দিয়েই স্টেক কাটতে হবে। সবচাইতে বড় টুকরোগুলো বেছে নিন।

৩। মাংস তো পেয়েছেন। এবার সেখান থেকে নিজের পছন্দের কিছু টুকরো বেছে নিন। আপনি যে স্থানের মাংস পছন্দ করেন, সেখান থেকেই বেছে নিন। খাবার ব্যাপারটা পুরোটাই নিজের রুচির ওপরে নির্ভরশীল।

৪। কাটার আগে মাংস পানিতে দেবেন না বা ধোবেন না। এতে স্টেক কাটতে সুবিধা হবে। কিচেন টিস্যু দিয়ে ভালো করে রক্ত মুছে নিন। কিন্তু পানিতে দেবেন না।

৫। মাংস কাটার চিকন ও ধারালো ছুরি ব্যবহার করুন। বড় চাপাতি বা বটি দিয়ে স্টেক কাটা ভালো হবে না।

৬। মাংসের টুকরো থেকে বাড়তি চর্বি কেটে বাদ দিয়ে দিন। আপনি চাইলে কিছুটা চর্বি রাখতে পারেন। কারণ চর্বি মানেই অনেকটা ফ্লেভার ও স্বাদ। আবার স্বাস্থ্য সচেতন হলে সম্পূর্ণ চর্বিই কেটে বাদ দিতে পারেন।

৭। মাংস আড়াআড়ি করে চপিং বোর্ডে রাখুন। একদিকে নিজের হাত দিন, তারপর হাত থেকে এক ইঞ্চির মত দূরত্ব রেখে মাংসে প্রথম পোঁচ দিন, অর্থাৎ স্টেক মোটামুটি ইঞ্চি থেকে দেড় ইঞ্চি মোটা করে কাটুন। এর চেয়ে বেশী প্রয়োজন নেই, যেহেতু বাড়িতে রান্না করবেন। মোটামুটি ১০ আউন্স ওজনের স্টেক হলেই সেটা চমৎকার।

৮। প্রথম কাটা টুকরোটি পাশে রেখে তারপর অন্য টুকরোগুলি কাটুন। এতে সবগুলো টুকরো সমান হবে।

৯। স্টেকে হাড় রাখবেন না।

আরও চমৎকার ভাবে বুঝতে দেখে নিতে পারেন এই ভিডিওটি।

টিপস
স্টেকের মাংস ফ্রিজে রেখে অনেকদিন পর খাবার চাইতে সতেজ অবস্থায় বেশী ভালো লাগবে। স্তেকের জন্য উপযুক্ত মশলা ও সিজনিং বেছে নিন।

প্রিয় লাইফ/ আর বি