ছবি সংগৃহীত

খালেদার বাসার সামনে আবারো বালুর ট্রাক

priyo.com
লেখক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০১৫, ০৭:২১
আপডেট: ১১ জানুয়ারি ২০১৫, ০৭:২১

ফাইল ছবি (প্রিয়.কম) ৫ জানুয়ারী ঘিরে উত্তেজনা কাটতে না কাটতেই আবারো খালেদা জিয়ার বাসার গুলশানের কার্যালয়ের সামনে বালুর ট্রাক আনা হয়েছে। গত ৩ জানুয়ারী রাত থেকেই বেগম জিয়া এই কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় আছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান ৮৬ নং রোডের দক্ষিণদিকের প্রবেশমুখে পাঁচটি ও উত্তরদিকের প্রবেশমুখে ২টি ট্রাক নিয়ে যাওয়া হয়। এই রোডের ৬ নং বাড়িটি খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়। ট্রাকগুলো সিমেন্ট, কাঠ ও মাঠিভর্তি। কাঠভর্তি ট্রাকের চালক মাসুম জানান, ট্রাকসহ তাকে আটক করে শনিবার রাতে থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রবিবার দুপুরে তাকে গুলশানে নিয়ে আসা হয়। সিমেন্টভর্তি একটি ট্রাকের চালক মাহবুব জানান, হোলসিম কোম্পানির সিমেন্ট নিয়ে বিমানবন্দরে যাবার পথে বিশ্বরোড থেকে ট্রাকসহ তাকে আটক করে গুলশান ৮৬ নং রোডে আনা হয়েছে। এদিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির জানান, খালেদা জিয়ার কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই রয়েছে। গুলশানের পেট্রোল ইন্সপেক্টর আমজাদ হোসেন বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এসব ট্রাক এনেছি। কতো সময় এগুলো এখানে মোতায়েন রাখা হবে সে নির্দেশনা এখনো পাইনি। এর আগে গত ৩ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন তার রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়ে আন্দোলনের ডাক দিয়ে সেখানেই অবস্থান নেন। পর দিন ৪ তারিখে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১৩টি মাটি ও বালুর ট্রাক মোতায়েন করা হয়। পরবর্তী ৩/৪ দিনের মধ্যে একে একে সেসব ট্রাক সরিয়ে ফেলা হয়। তবে রোববার থেকে নতুন করে মাটির ট্রাক মোতায়েন শুরু হয়েছে।