রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সন্ধ্যায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানায় হামলা-ভাঙচুরের পাশাপাশি পুলিশের মেসেও আগুন দেওয়া হয় বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানার সামনে জড়ো হন।