রংপুর বিভাগের আট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ৪৫টি নদ-নদীর নাব্য ক্রমান্বয়ে কমছে। এ কারণে ব্রহ্মপুত্র, ছোট যমুনা, ইছামতি, টেপা, করতোয়া, মহানন্দা, তিস্তা, যমুনেশ্বরী, ঘাঘট দুধকুমার, ধরলাসহ অন্যান্য নদ-নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। পানি না থাকায় ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে ছয় শতাধিক ঘাট। এর বিরূপ প্রভাব পড়েছে নদীর ওপর নির্ভরশীল বিশাল জনগোষ্ঠীর জীবন-জীবিকায়।
হাজার হাজার জেলে ও মাঝি কর্মহীন হয়ে পড়েছেন। জীবিকার তাগিদে তারা পেশা বদল করতে বাধ্য হচ্ছেন। কেউ ছুটছেন শহরে, কেউবা রিকশা-ভ্যান চালিয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন। অনেকে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। নৌপথ বন্ধ থাকায় যাতায়াতে তীব্র ভোগান্তি পোহাচ্ছেন এই অঞ্চলের মানুষ। পণ্য পরিবহণেও বেড়ে গেছে খরচ। বিশেষজ্ঞরা বলছেন, উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহার, নদীতে পলি জমা ও ড্রেজিং না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে দ্রুত উদ্যোগ না নিলে নদ-নদীগুলো বাঁচানো যাবে না।
প্রতি বছর নভেম্বর এলে নদ-নদীর বুকে চর দেখা যায়। তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে চর জেগে ওঠে। ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চরের কারণে রৌমারী-রমনা রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। পানি না থাকায় তিস্তায় সুন্দরগঞ্জের হরিপুরে মওলানা ভাসানী সেতু এখন চরের ওপর দাঁড়িয়ে আছে। যতদিন বৃষ্টির দেখা নেই, ততদিন এ অবস্থা বিরাজ করবে। এপ্রিল-মে মাসে বৃষ্টি হলে নদ-নদীগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পায়।
রংপুরের তিস্তার বুকে গঙ্গাচড়া উপজেলার ৭টি ইউনিয়নের বিশাল জনগোষ্ঠীর জীবন-জীবিকা এই নদীর ওপর নির্ভরশীল। লক্ষ্মীটারী ইউনিয়নের বাসিন্দা শামছুল আলমসহ কয়েকজন জানান, আগে মাঝিরা নৌকা চালিয়ে এবং জেলেরা মাছ ধরে সংসার চালাতেন। তারা এখন নিরুপায়। নদীতে মাছ নেই। নৌকাও চালানো যাচ্ছে না। খেয়াঘাট বন্ধ। তাই অনেকে রিকশা-ভ্যান চালাচ্ছেন।