জাতিসংঘের মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত বাংলাদেশ
মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘে আনা একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ।
‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি গত ১৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উত্থাপন করে মেক্সিকো। পরে কমিটি প্রস্তাবটি গ্রহণ করে।
প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ৩৩টি দেশ। বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, গণ-অভ্যুত্থানের আগে বাংলাদেশ প্রতিবছরই এ ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিত।
ওই কর্মকর্তা বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মানবাধিকার রক্ষার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ এ প্রস্তাবে ভোটদানে বিরত থাকছে। তবে দেশে এখনো মৃত্যুদণ্ডের বিধান থাকায় প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি বাংলাদেশ।’
প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার ও সৌদি আরব।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর যুক্তি, এ ধরনের প্রস্তাব জাতীয় সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, নিজস্ব আইন ও বিচারব্যবস্থা নির্ধারণের অধিকার প্রতিটি দেশের রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মৃত্যুদণ্ড কার্যকর
- ভোটদান
- জাতিসংঘ