ইউক্রেন নিয়ে ইউরোপে গৃহবিবাদ

সরাফ আহমেদ প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:২৩

দুই দিন ধরে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বৈঠকে বসেছেন ইউরোপের নেতারা। আলোচনার অন্যতম প্রধান বিষয় আবারও ইউক্রেন যুদ্ধ এবং দেশটির প্রতি ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ সহায়তা। ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে আগামী বছর ব্রাসেলসের কাছ থেকে অতিরিক্ত ৪৫ বিলিয়ন ইউরো সহায়তা প্রয়োজন। তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থন নিয়েও ইউরোপের দেশগুলোর মধ্যে ততই প্রশ্ন ও সংশয় বাড়ছে।


একসময় যে সহায়তার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্য ছিল, এখন সেখানে দেখা দিচ্ছে মতপার্থক্য ও রাজনৈতিক টানাপোড়েন। এই পরিস্থিতিতে শীর্ষ সম্মেলনে ইউরোপের সমর্থন ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর লক্ষ্য, যুদ্ধ অব্যাহত রাখার পাশাপাশি ইউক্রেনের সামরিক, আর্থিক ও রাজনৈতিক সহায়তা যেন কোনোভাবেই কমে না যায়, তা নিশ্চিত করা।


২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু হয়। এর পর থেকে যুদ্ধের অবসান ঘটাতে আন্তর্জাতিক পর্যায়ে নানা উদ্যোগ, আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু এত দিনেও যুদ্ধ বন্ধের কোনো কার্যকর পথ বের করা সম্ভব হয়নি; বরং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণহানি, অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। কবে এই যুদ্ধের অবসান হবে, তারও কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।


যুদ্ধের শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক, অর্থনৈতিক, মানবিক ও সামরিক সহায়তা দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষাকে ইউরোপ নিজেদের নিরাপত্তার প্রশ্ন হিসেবেও বিবেচনা করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ ও সামরিক সরঞ্জাম সরবরাহের চাপ এখন ইউরোপের দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে। অর্থনৈতিক সংকট, বাজেটের ওপর বাড়তি চাপ এবং নিজ নিজ দেশের জনগণের মধ্যে যুদ্ধ নিয়ে ক্লান্তি ও অসন্তোষ—সব মিলিয়ে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার প্রশ্নটি ক্রমেই জটিল হয়ে উঠছে।


ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর মধ্যে এখন আর আগের মতো অভিন্ন অবস্থান দেখা যাচ্ছে না। কেউ ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়ার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে, আবার কেউ অর্থের জোগান, সহায়তার পরিমাণ এবং যুদ্ধের ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে ভাবতে চাইছে। এই মতপার্থক্য ইউরোপীয় ঐক্যের জন্যও বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ডাবলিনের শীর্ষ সম্মেলনে তাই শুধু ইউক্রেনের ভবিষ্যৎ নয়, যুদ্ধের প্রশ্নে ইউরোপ কতটা ঐক্যবদ্ধ থাকতে পারবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


সাধারণত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভ্যন্তরীণ বিরোধ ও মতপার্থক্য আড়াল করে ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতে পছন্দ করে। কারণ, প্রকাশ্য বিরোধকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখা হয়। তাই অধিকাংশ সময় মতবিরোধের বিষয়গুলো প্রকাশ্যে আসে না। কিন্তু এবার আয়ারল্যান্ডের ডাবলিনে পরিস্থিতি ভিন্ন। ইউক্রেননীতি এবং দেশটির পাশে ইউরোপের দেশগুলো কতটা দৃঢ়ভাবে দাঁড়াবে, সেই প্রশ্ন আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও