ভারত যে ৫ কারণে দারিদ্র্য কমাতে অসামান্য সাফল্য পেয়েছে

প্রথম আলো ড. সেলিম জাহান প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৯

বিশ্বব্যাংক ২০২৬ সালের অক্টোবর মাসে প্রকাশিত তাদের দারিদ্র্য ও সমতাবিষয়ক সংক্ষিপ্ত প্রতিবেদনে জানিয়েছে, ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত এক দশকের কিছু বেশি সময়ে ভারতে চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষের হার উল্লেখযোগ্যভাবে কমে ২৭ দশমিক ১ শতাংশ থেকে ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। দারিদ্র্য হ্রাসের এই অসাধারণ সাফল্যকে বিশ্বে দ্রুততম দারিদ্র্য হ্রাসের ঘটনা হিসেবে অভিহিত করা হয়েছে। এর ফলে ভারত আনুমানিক ৪৯ কোটি ৬০ লাখ মানুষকে, যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্মিলিত জনসংখ্যার চেয়ে বেশি মানুষকে দারিদ্র্য ফাঁদ থেকে বের করে আনতে সক্ষম হয়েছে।


বিশ্বব্যাংকের ওই প্রতিবেদন আরও জানিয়েছে, নিম্নমধ্যম আয়ের দেশগুলোর জন্য নির্ধারিত দৈনিক ৪ দশমিক ২০ ডলারের দারিদ্র্যসীমা বিবেচনায় নিলেও ভারতে দারিদ্র্যের হার এই সময়ে ৫৭ দশমিক ৭ শতাংশ থেকে কমে ১৬ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। তবে প্রতিবেদনে এটা সতর্ক করে দেওয়া হয়েছে যে দারিদ্র্য হ্রাসের সাম্প্রতিক এই সাফল্যের কিছু অংশ প্রকৃত জীবনমানের উন্নতির পাশাপাশি পরিমাপপদ্ধতির উন্নতির ফলও হতে পারে।


প্রকৃতপক্ষে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে আর্থিক ও অর্থবহির্ভূত—উভয় ধরনের দারিদ্র্য সূচকেরই উন্নতি ঘটেছে। তবে এই উন্নতি দেশের সব অঞ্চলে সমানভাবে হয়নি; বরং ভারতের মোট দরিদ্র জনগোষ্ঠীর ৫৭ শতাংশ উত্তর প্রদেশ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত একটি সংলগ্ন ভৌগোলিক অঞ্চলে কেন্দ্রীভূত।


ভবিষ্যতে ভারতে দারিদ্র্য আরও কমবে বলে বিশ্বব্যাংক ধারণা করছে, যদিও সেই হ্রাসের গতি তুলনামূলকভাবে ধীর হবে বলে অনুমিত হয়। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ভারতে দৈনিক ৪ দশমিক ২০ ডলারের দারিদ্র্যসীমার ভিত্তিতে দারিদ্র্যের হার ২০২৬ সালের ১৪ দশমিক ২ শতাংশ থেকে ২০২৮ সালের মধ্যে ১২ দশমিক ১ শতাংশে নেমে আসতে পারে।


তবে এসব পরিসংখ্যান ও প্রবণতার বাইরে দুটি মৌলিক প্রশ্ন রয়েছে। প্রথমত, ভারতের দারিদ্র্য হ্রাসের এই উল্লেখযোগ্য সাফল্যের পেছনে কোন কোন বিষয় ভূমিকা রেখেছে? দ্বিতীয়ত, এ অভিজ্ঞতা থেকে কী কী শিক্ষা নেওয়া যেতে পারে? ভারতের দারিদ্র্যের হার দ্রুত কমে আসার পেছনে প্রধানত চারটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করেছে বলে ধারণা করা যায়।


প্রথম কারণটি হলো দীর্ঘ সময় ধরে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা। ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ভারত অব্যাহতভাবে উচ্চ ও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, যার ফলে দেশটি বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধি অর্জনকারী প্রধান অর্থনীতিগুলোর একটিতে পরিণত হয়েছে। ২০১০ সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি শুরু হয়েছিল ৮ দশমিক ৫ শতাংশ দিয়ে। পরবর্তী চার বছরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ আর্থিক


সংকোচনের কারণে প্রবৃদ্ধি কিছুটা কমে গেলেও অল্প সময়ের মধ্যেই তা আবার ঘুরে দাঁড়ায়। ২০১৫-২০১৬ সালে দেশটির প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৩ শতাংশের কাছাকাছি ছিল। কোভিড-১৯ অতিমারির সময় এই প্রবৃদ্ধি সংকুচিত হলেও পরবর্তী সময়ে ২০২১ সালে ভারত প্রায় ১০ শতাংশের ঐতিহাসিক প্রবৃদ্ধি অর্জন করে। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ভারত গড়ে ৭ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। দীর্ঘ সময় ধরে এ ধরনের উচ্চ প্রবৃদ্ধি ভারতের দারিদ্র্য পরিস্থিতির ওপর উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও