চিনি বাড়ছে, নাকি কমছে আমাদের সচেতনতা?
সকালের নাশতায় পরোটা, সঙ্গে মিষ্টি চা। দুপুরে ভাত, ভাজাপোড়া, কোমল পানীয়। বিকেলে চা-বিস্কুট কিংবা ফাস্ট ফুড। রাতে আবার ভাত, মাংস, মিষ্টান্ন। দিনের শেষে শরীর হয়তো ক্লান্ত, কিন্তু পা চলে না—কারণ হাঁটার জায়গা নেই, সময় নেই, অভ্যাস নেই। তারপর একদিন চিকিৎসকের কক্ষে বসে রিপোর্ট হাতে নিয়ে মানুষ জানতে পারে, রক্তে চিনির মাত্রা বেড়ে গেছে।
সেদিন তার মনে হয়, হঠাৎ করেই বুঝি ডায়াবেটিস হলো।
আসলে অনেক সময় রোগটি হঠাৎ আসে না। আমরা ধীরে ধীরে তার জন্য দরজা খুলে দিই—অতিরিক্ত খাবার, কম হাঁটা, অনিয়মিত জীবন, দীর্ঘ সময় বসে থাকা, মানসিক চাপ এবং স্বাস্থ্যকর খাদ্যের বদলে সহজলভ্য অতিপ্রক্রিয়াজাত খাবারের দিকে ঝুঁকে পড়ার মধ্য দিয়ে।
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। দিনটি এলেই ডায়াবেটিস নিয়ে সচেতনতার নানা আয়োজন হয়। রক্তে শর্করা মাপা হয়, আলোচনা হয়, পোস্টার-ফেস্টুনে স্বাস্থ্যবার্তা দেখা যায়। কিন্তু দিবসের পরদিনই যদি আগের জীবনযাত্রায় ফিরে যাই, তাহলে সচেতনতার সেই আয়োজন কতটা অর্থবহ?
প্রশ্নটি তাই শুধু ‘চিনি কতটা খাচ্ছি’—এমন নয়। আরও বড় প্রশ্ন হলো, আমরা কি এমন একটি জীবনযাপন তৈরি করছি, যেখানে অসংক্রামক রোগের জন্য প্রতিদিন নতুন নতুন ঝুঁকি তৈরি হচ্ছে?
ডায়াবেটিস এখন আর কেবল ব্যক্তিগত অসুখ নয়; এটি জনস্বাস্থ্যের বড় সংকট, অর্থনীতিরও বড় চাপ। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ২০২৫ সালের ১১তম ডায়াবেটিস অ্যাটলাস অনুযায়ী, বাংলাদেশে ২০২৪ সালে ২০–৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। একই হিসাবে বয়স-সমন্বিত প্রাদুর্ভাব ১৩ দশমিক ২ শতাংশ। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে ২০৫০ সালে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লাখে পৌঁছাতে পারে।
এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়। এর পেছনে আছে ১ কোটি ৪০ লাখ মানুষের জীবন, তাদের পরিবার, চিকিৎসা ব্যয়, কর্মক্ষমতা, ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি এবং রাষ্ট্রের ওপর বাড়তে থাকা চাপ।
ডায়াবেটিসের সঙ্গে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি রোগ, চোখের জটিলতা ও স্নায়ুর সমস্যার সম্পর্ক রয়েছে। ফলে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলে তার চিকিৎসা শুধু রক্তের শর্করা নিয়ন্ত্রণে সীমাবদ্ধ থাকে না; দীর্ঘমেয়াদে একাধিক অঙ্গের সুরক্ষাও জরুরি হয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায় অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, তামাক ব্যবহার ও অন্যান্য আচরণগত ঝুঁকি।
এখানেই ব্যক্তির সঙ্গে নগরজীবনের সম্পর্কটি স্পষ্ট হয়। ঢাকা শহরে একজন মানুষ সকালে বাসায় বসে নাশতা করেন, তারপর গাড়ি বা বাসে কর্মস্থলে যান, দিনের বড় অংশ চেয়ারে বসে কাটান, আবার যানজটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন। অফিস থেকে বের হয়ে লিফট, গাড়ি, এস্কেলেটর—সবই আছে; নেই শুধু হাঁটার সুযোগ। সন্ধ্যায় পার্কে হাঁটতে চাইলে হয় পার্ক দূরে, নয়তো নিরাপদ ফুটপাত নেই। শিশুর খেলাধুলার জায়গা সংকুচিত। কিশোরের সময় কাটে মোবাইলের পর্দায়। পরিবারে একসঙ্গে বসে খাওয়ার বদলে খাবারও অনেক সময় হয়ে যায় দ্রুত, প্রস্তুত, প্যাকেটজাত ও অতিপ্রক্রিয়াজাত।
- ট্যাগ:
- মতামত
- বিশ্ব ডায়াবেটিস দিবস