প্রধানমন্ত্রীর তুরস্ক সফর খুলে দিক নতুন সম্ভাবনা
বর্তমান বিশ্বব্যবস্থায় ভূরাজনৈতিক প্রতিযোগিতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং পরাশক্তিগুলোর প্রভাব বিস্তারের প্রতিযোগিতা ক্রমেই জটিল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের জন্য স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও জাতীয় স্বার্থনির্ভর পররাষ্ট্রনীতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক উদ্যোগ। ১০ থেকে ১২ নভেম্বর সরকারি সফরে তিনি তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন। তবে এই সফরের গুরুত্ব কেবল জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ, প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৌশলগত অবস্থান সুসংহত করার সম্ভাবনা।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন কর্মসূচি ও কূটনৈতিক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নিশ্চিত হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে। ফলে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশের সামনে বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে।
বিএনপির রাজনৈতিক ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং বহুমুখী আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্নটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন শক্তিকেন্দ্রের সঙ্গে যোগাযোগের যে রাজনৈতিক দর্শন গুরুত্ব পেয়েছিল, তার মূল বক্তব্য ছিল বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে বিশ্বপরিসরে নিজস্ব অবস্থান তৈরি করা। পরবর্তী সময়ে বিএনপি সরকারের আমলেও বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
- ট্যাগ:
- মতামত
- তুরস্ক সফর
- তারেক রহমান