সড়কে ৩০০ পরিবার নিশ্চিহ্ন : যে শূন্যতা অপূরণীয়

ঢাকা পোষ্ট আমিনুল ইসলাম সুজন প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৭

শিশু থেকে বৃদ্ধ–সবাই সড়ক ব্যবহারকারী। লেখাপড়া, চাকরি বা ব্যবসা, বেড়ানো বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ–এমন নানা প্রয়োজনে মানুষ সড়ক ব্যবহার করে। কেউ হেঁটে, কেউ ব্যক্তিগত বা গণপরিবহন ব্যবহার করে এক স্থান থেকে অন্যত্র যাতায়াতে সড়ক ব্যবহার করে। কিন্তু এই সড়কই কখনো কখনো মর্মান্তিক হয়ে উঠে।


দ্রুত গতি ও দুটি বা একাধিক যানবাহনের দ্রুত গতিতে গাড়ি চালানোর প্রতিযোগিতা, মেয়াদউত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি চালানো, অনিরাপদ সড়ক ডিজাইন, পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা না থাকা, তিন চাকার বাহনে চলাচল, মোটরসাইকেলে মানসম্মত হেলমেট ব্যবহার না করা, চালকের লাইসেন্স না থাকা, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার ও অসতর্কতা, ট্রাফিক আইন না মানা, যত্রতত্র যাত্রী উঠানামা করা ইত্যাদি কারণে দেশের সড়কগুলো মারাত্মক অনিরাপদ হয়ে উঠেছে।


ফলে প্রতিদিন সড়কে মানুষ মারা যাচ্ছে। কোনো কোনো পরিবারের উপার্জনক্ষম বা সম্ভাবনাময় ব্যক্তি মারা যাচ্ছে। কোনো কোনো পরিবারে একাধিক সদস্য মারা যাচ্ছে। কোনো পরিবারে বাবা-মা মারা যাওয়ায় শিশুসন্তান সুখী পরিবার হতে অনাথ শিশু হয়ে বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়ছে, সম্ভাবনারও সমাধি ঘটছে। কোনো কোনো পরিবারের সব সদস্য একসঙ্গে মারা যাচ্ছে। এমনকি পরিবারের সদস্যদের কবরে মাটি দেওয়া বা মুখাগ্নি করার মতো কেউ থাকছে না।


অর্থাৎ, রোড ক্র্যাশের কারণে কোনো কোনো পরিবার এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এ সংখ্যা নেহায়েত কম নয়। সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন-এর গবেষণায় জানা গেছে, ৭ বছরের কম সময়ে রোড ক্র্যাশে ৩০০টি পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় ৪টি পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই শূন্যতা কোনো কিছুর বিনিময়েই পূরণ করা যাবে না।


চলতি সপ্তাহেই এমন একটি ঘটনায় তিনজনের পরিবারে সবাই মারা যায়। ১১ নভেম্বর ২০২৬ বেলা আড়াইটায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সড়কে চলন্ত একটি মোটরসাইকেলকে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি ধাক্কা দেয়।


এতে একই পরিবারের তিনজন যথাক্রমে মোটরসাইকেল চালক মামুন হোসেন আশরাফুল, তার স্ত্রী শিশু আক্তার ও তাদের ৮ বছরের সন্তান আরাফাত হোসেন মারা যায়। মর্মান্তিক এ ঘটনায় আশরাফুলের পরিবার এ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। স্থানীয় পুলিশের বরাতে জানা যায়, উড়াল সড়কে কোনো ক্যামেরা না থাকায় কোন গাড়ি পেছন থেকে ধাক্কা দিয়েছে, তা জানা যায়নি।


দ্রুত গতির কারণে প্রতিনিয়ত এমন মর্মান্তিক রোড ক্র্যাশের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। অনেক কর্মক্ষম মানুষ মারা যাচ্ছে, অনেকে চিরতরে কর্মক্ষমতা হারিয়ে পরিবার ও রাষ্ট্রে বোঝা হয়ে উঠছে। অনেক স্বপ্নের সমাধি ঘটছে। পরিবারের কোনো সদস্য জীবিত না থাকায় সাধারণত এমন ঘটনায় মামলা হয় না, কিংবা পুলিশ বা আত্মীয়দের কেউ বাদী হয়ে মামলা করলেও পরিবারের সদস্য না থাকায় মামলার তদারকি হয় না।


ফলে অধিকাংশ ক্ষেত্রেই সঠিক তদন্ত হয় না। যে কারণে মর্মান্তিক এসব রোড ক্র্যাশের প্রকৃত কারণ জানা সম্ভব হচ্ছে না। ঘটনাসমূহ সঠিকভাবে নথিবদ্ধ হচ্ছে না। অথচ এসব ঘটনার প্রকৃত স্থান ও কারণ জানা গেলে সেসব বিষয় সমাধানে উদ্যোগ নেওয়া যেত।


যেমন ঘটনাস্থলে যদি হঠাৎ কোনো বাঁক থাকে বা এমন কোনো অবকাঠামো থাকে যা স্বাভাবিক গাড়ি চালনায় প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে সে বাঁক নিরাপদ করা বা অপ্রয়োজনীয় অবকাঠামো সরিয়ে সড়কের সে স্থানটি নিরাপদ করা যায়। যদি অতিরিক্ত গতির কারণে রোড ক্র্যাশ হয়ে থাকে তাহলে গতি নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়ন ও এ সম্পর্কে চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া যেত।


যদি ফিটনেসবিহীন যান বা লাইসেন্সবিহীন চালকের কারণে রোড ক্র্যাশ হয়ে থাকে তবে সড়কে এমন অকেজো যান বা লাইসেন্সবিহীন চালক কর্তৃক গাড়ি চালানো বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর উদ্যোগ নিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও