বিশ্বের পরিকল্পিত নগরগুলোর দিকে তাকালে দেখা যায়, উন্নয়নের পাশাপাশি সবুজ অঞ্চল, পার্ক, জলাধার, বনভূমি ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারণ, সবুজ শুধু নগরের সৌন্দর্য বাড়ায় না, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ প্রশমন, বৃষ্টির পানি মাটিতে প্রবেশ এবং মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেও ভূমিকা রাখে। মালয়েশিয়ার প্রশাসনিক নগরী পুত্রাজায়া এর উল্লেখযোগ্য উদাহরণ।
কুয়ালালামপুরের ওপর প্রশাসনিক চাপ কমাতে পরিকল্পিত এই নগরীকে ‘সিটি ইন এ গার্ডেন’ ধারণায় গড়ে তোলা হয়েছে। নগরীর প্রায় ৩৮ শতাংশ এলাকাজুড়ে রয়েছে পার্ক, লেক ও জলাভূমি। দক্ষিণ কোরিয়ার সেজং নগরীতেও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পাশাপাশি সবুজ অঞ্চল, পার্ক ও গণপরিবহনকে গুরুত্ব দেওয়া হয়েছে। নগরীর প্রায় ৫২ শতাংশ এলাকাজুড়ে রয়েছে সবুজ স্থান। এসব উদাহরণ দেখায়, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও পরিবেশ সংরক্ষণ পরস্পরের পরিপূরক। বিশ্বের অনেক দেশেই যানজট, দূষণ ও নগরের অতিরিক্ত চাপ কমাতে সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মূল শহরের বাইরে পরিকল্পিত শহরতলিতে গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও এ অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে।
ঢাকা শুধু দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র নয়, কোটি মানুষের জীবন-জীবিকা, শিক্ষা, সংস্কৃতি ও কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ, অতিরিক্ত জনসংখ্যার চাপ, যানবাহনের আধিক্য, বায়ুদূষণ, জলাশয় ভরাট এবং নির্বিচার কংক্রিটের স্থাপনা রাজধানীকে ক্রমেই বসবাসের অনুপযোগী করে তুলছে। একসময় বাগান, বৃক্ষরাজি, খোলা মাঠ ও জলাশয়ের শহর হিসেবে পরিচিত ঢাকা এখন সবুজের সংকট, অসহনীয় তাপমাত্রা, জলাবদ্ধতা ও দূষণের সঙ্গে লড়াই করছে।
এমন বাস্তবতায় রাজধানীর নতুন প্রশাসনিক অবকাঠামো কোথায় নির্মিত হবে, তা শুধু জমির প্রাপ্যতা কিংবা ভবন নির্মাণের সুবিধা বিবেচনায় নির্ধারণ করা যায় না। পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য, যানজট নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর গড়ে তোলার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া উচিত। আধুনিক রাজধানীর পরিচয় শুধু উঁচু ভবন ও প্রশস্ত সড়কে নয়, বরং পরিকল্পিত সবুজ অঞ্চল, জলাধার ও উন্মুক্ত স্থানের মধ্য দিয়ে প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানে।
এই বিবেচনায় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও আশপাশের উন্মুক্ত জায়গার গুরুত্ব নতুন করে উপলব্ধি করা প্রয়োজন। নগরের মাঝখানে থাকা এসব খোলা জায়গা অব্যবহৃত জমি নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ সম্পদ। আগারগাঁও, শেরেবাংলা নগর, মিরপুর, খামারবাড়ি, আসাদগেট ও মোহাম্মদপুর এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় এসব উন্মুক্ত ভূমি ও সবুজ অঞ্চল ভূমিকা রাখতে পারে। ঢাকা ইতিমধ্যে কংক্রিটনির্ভর নগরায়ণের কারণে তাপদ্বীপ প্রভাব, বায়ুদূষণ ও জলাবদ্ধতার সমস্যায় ভুগছে।
এ অবস্থায় পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয়ের মতো বিশাল প্রশাসনিক অবকাঠামো নির্মিত হলে উন্মুক্ত ভূমি সংকুচিত হওয়ার পাশাপাশি যানবাহনের চাপ ও দূষণ বাড়বে। কংক্রিটের আচ্ছাদন বাড়লে বৃষ্টির পানি মাটিতে প্রবেশের সুযোগ কমে, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাধাগ্রস্ত হয় এবং জলাবদ্ধতার ঝুঁকি বাড়ে। গাছপালা ও খোলা জায়গা কমে গেলে নগরের তাপমাত্রাও বৃদ্ধি পায়। এর প্রভাব শুধু শেরেবাংলা নগরে সীমাবদ্ধ থাকবে না, আশপাশের বিস্তীর্ণ এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপরও পড়বে। তাই মাঠটিকে ভবন নির্মাণের সম্ভাব্য জায়গা হিসেবে না দেখে ঢাকার পরিবেশগত সুরক্ষার অংশ হিসেবে বিবেচনা করা জরুরি।
শেরেবাংলা নগরের আরেকটি বিশেষ গুরুত্ব রয়েছে কৃষিশিক্ষা ও গবেষণার সঙ্গে। এখানেই অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যা দেশের কৃষিশিক্ষা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও দক্ষ কৃষিবিদ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কৃষি গবেষণার জন্য শুধু শ্রেণিকক্ষ, গবেষণাগার কিংবা আধুনিক যন্ত্রপাতি যথেষ্ট নয়; প্রয়োজন উন্মুক্ত গবেষণাক্ষেত্র, পরীক্ষামূলক বাগান, উদ্ভিদ সংগ্রহশালা, জীববৈচিত্র্য ও তুলনামূলক শান্ত পরিবেশ। কৃষিতত্ত্ব, উদ্যানতত্ত্ব, মৃত্তিকাবিজ্ঞান, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদ রোগতত্ত্ব ও কীটতত্ত্বের মতো বিষয়ে মাঠপর্যায়ের গবেষণার গুরুত্ব অপরিসীম।