ড. মনজুর আহমেদ চৌধুরী জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান। পেশাগতভাবে তিনি একজন প্রাণিবিদ, কীটতত্ত্ববিদ ও ইকোলজিস্ট। তিনি বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশের করণীয়, বিদ্যমান চুক্তির সীমাবদ্ধতা, ভারতের সঙ্গে পানি কূটনীতি এবং নদী ব্যবস্থাপনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন।
আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানিবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ শেষ হচ্ছে। সময় খুব বেশি বাকি নেই। চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, সেটাকে কীভাবে দেখছেন?
মনজুর আহমেদ চৌধুরী: হাতে প্রায় চার সপ্তাহ সময় আছে। একেবারেই অসম্ভব বলব না। তবে এর মধ্যে সম্পূর্ণ নতুন একটি চুক্তি হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। তবে শেষ মুহূর্তে বিদ্যমান চুক্তিটি নবায়ন করা সম্ভব হতে পারে। এ ধরনের সিদ্ধান্তে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ের সম্মতি প্রয়োজন। শুধু কারিগরি আলোচনায় সবকিছু হয় না। আমার বিবেচনায়, বর্তমান পরিস্থিতিতে চুক্তিটি তিন থেকে পাঁচ বছরের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে নবায়ন করা যেতে পারে। এই সময়ের মধ্যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, এ রকম একটি নতুন চুক্তির প্রস্তুতি নিতে হবে।
বিদ্যমান চুক্তিতে অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের অর্থনীতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রয়োজন পুরোপুরি সুরক্ষিত হয়নি। কিন্তু দুর্বল চুক্তির চেয়েও চুক্তিহীন অবস্থা খারাপ। অতীতে চুক্তিহীন সময়ে আমাদের দুর্ভোগ হয়েছে। তাই একটি ব্যবস্থা বহাল রেখেই ভালো চুক্তির দিকে এগোতে হবে। পুরো অববাহিকা ধরে আলোচনায় যাওয়ার জন্যও সময় ও প্রস্তুতি দরকার।
গত ৩০ বছরে এই চুক্তি থেকে বাংলাদেশ কী পেয়েছে, আর কোথায় প্রত্যাশা পূরণ হয়নি?
মনজুর আহমেদ চৌধুরী: গত ৩০ বছরে অন্তত একটি চুক্তি ও পানি ভাগাভাগির কাঠামো ছিল। সেই কাঠামোর মধ্যে আমরা পানি পেয়েছি। কিন্তু প্রাপ্য পানি পাওয়া এবং আমাদের প্রয়োজন মেটা এক বিষয় নয়। চুক্তি অনুযায়ী পাওয়ার কথা ছিল, এমন পানিও সব সময় পাওয়া যায়নি। বড় সীমাবদ্ধতা হলো, ফারাক্কায় যতটুকু পানি আসে, সেটিই ভাগ করা হয়। অথচ তার অনেক আগে উজান থেকে বিভিন্ন কৌশলে পানি তুলে নেওয়া হচ্ছে। ফলে ফারাক্কায় পৌঁছানো পানিই যদি কমে যায়, শুধু সেই পানি ভাগ করে সমস্যার সমাধান হবে না।
আরেকটি বিষয়, পানিবণ্টনের মূল সূচি জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত। কিন্তু নদী তো সারা বছরের। বর্ষার প্রবাহ, বন্যা, পলি ও শুষ্ক মৌসুমে পানির সংকট—সব একসঙ্গে দেখতে হবে। বর্ষার পানি কীভাবে সংরক্ষণ করে শুষ্ক মৌসুমের প্রবাহ বাড়ানো যায়, সে বিষয়েও যথেষ্ট অগ্রগতি হয়নি।
নতুন আলোচনায় বাংলাদেশের পানির দাবি কীভাবে নির্ধারণ করা উচিত?
মনজুর আহমেদ চৌধুরী: শুধু একটি সংখ্যা কিংবা কত কিউসেক পানি পাওয়া যাবে, তা নিয়ে দর-কষাকষির মধ্যে আমাদের আটকে থাকা উচিত নয়। আগে দেখতে হবে পুরো অববাহিকায় কত পানি আসে, কোথায় কীভাবে ব্যবহৃত হচ্ছে এবং কারা কী সুবিধা পাচ্ছে।
পানির চাহিদা ও প্রবাহ স্থির নয়; সময়ের সঙ্গে বদলায়। জলবায়ু পরিবর্তনও বিবেচনায় নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নদীর নিজেরও পানির প্রয়োজন আছে। দুই দেশ পুরো পানি ভাগ করে নিলে নদী বাঁচবে কীভাবে? নদীর প্রবাহ, জীববৈচিত্র্য এবং তার ওপর নির্ভরশীল মানুষের জীবন সচল রাখতে প্রয়োজনীয় পানি রাখতে হবে।
কোন অংশে কতটা প্রবাহ দরকার, তা রাজনৈতিক দর-কষাকষিতে ঠিক করার বিষয় নয়, গবেষণা করে বের করতে হবে। গড়াইসহ শাখানদী, সুন্দরবন, কৃষি, মাছ ও মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে বাংলাদেশের দাবি তৈরি করা উচিত। নদী থেকে শুধু পানি নেওয়ার হিসাব করলে নদী এবং মানুষ—দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।
আপনি অববাহিকাভিত্তিক চুক্তির কথা বলছেন। এতে বর্তমান ব্যবস্থার তুলনায় কী পরিবর্তন আসবে?
মনজুর আহমেদ চৌধুরী: সবচেয়ে বড় পরিবর্তন হবে, তখন একটি নির্দিষ্ট জায়গায় অবশিষ্ট পানি ভাগ করার বদলে পুরো নদী ও তার শাখানদীগুলোকে একসঙ্গে দেখা হবে। উজানে পানি প্রত্যাহার, সংরক্ষণ, বিদ্যুৎ উৎপাদন, সেচ এবং ভাটির প্রয়োজন—সব আলোচনায় আসবে। গঙ্গার শুষ্ক মৌসুমের প্রবাহে নেপাল থেকে আসা শাখানদীগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই নেপালকে যুক্ত করার চেষ্টা করতে হবে। একইভাবে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ে ভাবতে হবে।
আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হওয়া উচিত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা—এই তিন অববাহিকার জন্য সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা। একসঙ্গে সব করা সম্ভব না হলে অন্তত একটি অববাহিকা দিয়ে শুরু করা যায়। পাঁচ বছর প্রস্তুতি নিয়ে একটি অববাহিকাভিত্তিক চুক্তি করা গেলে সেটি দেশের জন্য বড় ও দীর্ঘস্থায়ী ইতিবাচক ভূমিকা রাখবে। বিদ্যুৎ উৎপাদনসহ নদী থেকে পাওয়া বিভিন্ন সুবিধা ভাগ করার চিন্তাও দরকার। শুধু কত কিউসেক পানি পেলাম, তার মধ্যে আলোচনা সীমিত রাখলে সহযোগিতার অনেক সুযোগ বাদ পড়ে যায়।