দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন-হেলিকপ্টার, গুজব ঠেকাতে সাইবার নজরদারি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবছর এই উৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপ্রীতিকর কিছু খবর সামনে আসে। কিছু ঘটনার সত্যতা থাকলেও বেশি ছড়ায় গুজব ও অপপ্রচার। উৎসব তখন হয়ে ওঠে উৎকণ্ঠা আর আতঙ্কের।
অতীতের অভিজ্ঞতা থেকে এবারের পূজায় নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর পরিস্থিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ঠেকানোয় দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। নির্বাচনের সময় ব্যবহৃত একটি অ্যাপের মাধ্যমেও তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করা হবে বলেও জানা যায়।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার সারা দেশে দেড় হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। মণ্ডপের সংখ্যা বৃদ্ধি ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উৎসব নির্বিঘ্ন রাখতে বাড়তি নিরাপত্তা প্রস্তুতি নিতে হচ্ছে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, পূজার পরিবেশ স্বাভাবিক রাখা ও উৎসব ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, পূজামণ্ডপের সংখ্যা বাড়ায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন সংশ্লিষ্ট সদস্যরা। পূজার আগে, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও পরবর্তীসময়ে- এই তিন পর্যায়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। গুরুত্বপূর্ণ দিনগুলোতে আকাশপথে নজরদারির জন্য ড্রোন ও হেলিকপ্টার মোতায়েনের ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন বাহিনীর বিশেষ টিম প্রস্তুত থাকবে।