You have reached your daily news limit

Please log in to continue


এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল ২৩ ডিসেম্বর

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৩ ডিসেম্বর।

আজ বৃহস্পতিবার রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের যেন পুরো এক বছর অপেক্ষা করতে না হয়, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই ব্যবস্থা ভবিষ্যতে এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও চালু করা হবে।

এর আগে, গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আর এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ফরম পূরণ চলবে ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত।

পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল ও দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যেসব পরীক্ষকের খাতা মূল্যায়নের দক্ষতায় ঘাটতি রয়েছে, তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীদের প্রকৃত ফলাফল নিশ্চিত করতে খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি মূল্যায়ন প্রক্রিয়ার দুর্বলতা চিহ্নিত করছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন