শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াইতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব, প্রশ্ন হুমায়ুনের
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড নিয়ে দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রসঙ্গকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তার হস্তান্তর চাওয়ার কথা তুলে ধরে বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেছেন, শেখ হাসিনা হচ্ছেন ‘পলাতক সন্ত্রাসী’।
“এখানে কি শ্বশুরবাড়ি রংপুর বেড়াইতে আসবে যে—তারে পাসপোর্ট দেব, আর পাসপোর্ট দিয়ে আসবে? আমাদের অ্যাকটিভ এক্সট্রাডিশন ট্রিটি আছে টেররিস্টদেরকে ধরার, ক্রিমিনালকে ধরার।”
ঢাকা সফরে আসা চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী হুমায়ুন।
ডিসেম্বরে ফেরার ঘোষণা দেওয়া আওয়ামী লীগ সভাপতি হাসিনা পাসপোর্ট বা ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন কি না, এই প্রশ্ন করা হয়েছিল হুমায়ুন কবিরকে।
উত্তরে তিনি বলেন, অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিনি। এ কারণে বিষয়টি এখনও তার জানা নেই।