মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর দেশটির শ্রম মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মরিশাসের শ্রমমন্ত্রী রেজা উতিম এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও উদ্ধারকারী সূত্রের বরাতে জানা গেছে, একটি কার্গো কন্টেইনার ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। কন্টেইনারের ভেতর ভারী কাঠের বাক্সে চাপা পড়ে এই তিন শ্রমিক মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন— মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বিলাল (৩৭) এবং সিকদার জোবায়েদ ইসলাম (২৫)। তারা সকলেই প্লেন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মরত কর্মী ছিলেন।