কয়েক বছর আগেও ছিল সারি সারি গাছপালা। সকাল-বিকেল হাঁটাচলা বা ব্যায়াম করতেন আশপাশ এলাকার লোকজন। তপ্ত রোদে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতেন পথচারীরা। পাখির কিচিরমিচির ডাক আর সবুজের ছোঁয়ায় কাটাতেন সময়। কিন্তু এখন আর সেই পরিবেশ নেই রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে লন্ডভন্ড পান্থকুঞ্জ পার্ক। ধ্বংস হয়েছে ৪৫ প্রজাতির প্রায় দুই হাজার পূর্ণবয়স্ক গাছ এবং পাখিদের আবাস। ধ্বংসপ্রাপ্ত পার্কটি এখন ছিন্নমূল, উদ্বাস্তু মানুষ ও মাদকসেবীদের দখলে। সাধারণ মানুষের প্রবেশের অনুপযোগী হয়ে উঠেছে পার্কটি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, পান্থকুঞ্জ পার্কের ভেতরে শুয়ে রয়েছেন অনেকেই। কেউ কেউ গাঁজা সেবন করছেন। পাঁচ থেকে দশজন সাধারণ মানুষকে দেখা গেছে পার্কে।
ত্রিভুজাকৃতি পার্কের দক্ষিণ-পশ্চিম অংশে এলিভিটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। র্যাম নির্মাণের কাজ শেষ হয়েছে। হয়তো শিগগির চালু হতে পারে ওই অংশের কাজ। টিনের বেড়া তুলে পার্ক আলাদা করে এলিভিটেড এক্সপ্রেসওয়ের কাজ চললেও পার্কের ভেতরেও নির্মাণকাজে ব্যবহৃত প্লাস্টিকের পাইপ দেখা গেছে। অর্থাৎ এলিভিটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে পার্কের বড় একটি অংশ ব্যবহৃত হচ্ছে।