নারায়ণগঞ্জে সাত খুনের এক যুগ : সেদিন যা ঘটেছিল
২০১৪ সালের ২৭ এপ্রিল। নারায়ণগঞ্জের ইতিহাসে একটি বিভীষিকাময় দিন। আদালত থেকে জামিন নিয়ে প্রাইভেট কারে ঢাকায় ফিরছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী। বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকায় সাদাপোশাকে র্যাবের একটি দল তল্লাশিচৌকি বসিয়ে নজরুলসহ পাঁচজনকে তুলে নিয়ে যায়। একই সড়ক থেকে প্রায় একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।
তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও পরদিন আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। কাউন্সিলর, আইনজীবীসহ সাতজনের হত্যাকাণ্ডের এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। র্যাবের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
আলোচিত সেই সাত খুনের এক যুগ পূর্ণ হচ্ছে আজ সোমবার (২৭ এপ্রিল)। কিন্তু এখনো বিচারের রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ, হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে স্বজনদের।