তাপপ্রবাহে বাংলাদেশে সাড়ে ৫ হাজারের বেশি অপরিণত শিশুর জন্ম: গবেষণা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ২২:৪৭

জলবায়ু পরিবর্তন ইতিমধ্যেই এশিয়ায় শিশুদের অকাল জন্মের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এর ফলে সৃষ্ট ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে সতর্ক করেছে একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা।


নতুন এক গবেষণা প্রতিবেদনের বরাতে জিরো কার্বন অ্যানালিটিকস (জেডসিএ) বলছে, ২০২৪ সালের এপ্রিলের তীব্র তাপপ্রবাহের কারণে বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ হাজার অতিরিক্ত অপরিণত শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে প্রায় দেড় হাজার শিশুর জন্ম হয়েছে নির্ধারিত সময়ের আগে।


সোমবার প্রকাশিত গবেষণার তথ্য তুলে ধরে জেডসিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এপ্রিলের তাপপ্রবাহের সঙ্গে বাংলাদেশে আনুমানিক ৫ হাজার ৫১৫টি অতিরিক্ত অপরিণত শিশুর জন্মের সম্পর্ক পাওয়া গেছে। এর প্রায় ৪৭ শতাংশই ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।


গবেষণায় ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত এপ্রিল মাসের স্বাভাবিক তাপমাত্রার সঙ্গে ২০২৪ সালের এপ্রিলের তাপমাত্রার তুলনা করা হয়েছে। এতে দেখা গেছে, ওই বছর তাপপ্রবাহে বাংলাদেশে অপরিণত শিশুর জন্মের হার ১১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি এক হাজার জন্মে অতিরিক্ত প্রায় ১৯টি শিশুর জন্ম হয়েছে নির্ধারিত সময়ের আগে।


বাংলাদেশ, ভারত ও ফিলিপিন্সকে নিয়ে করা এই গবেষণায় দেখা গেছে, তিন দেশের মধ্যে বাংলাদেশেই অপরিণত শিশুর জন্মের হার বৃদ্ধির হিসাব সর্বোচ্চ। গবেষকদের পৃথক আরেকটি বিশ্লেষণে দেখা গেছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত তাপমাত্রা তৈরি না হলে ওই বছরের এপ্রিলে বাংলাদেশে অন্তত ১ হাজার ৪৭৯টি অপরিণত শিশুর জন্ম হত না।


ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের তথ্য অনুযায়ী, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ২০২৪ সালের এপ্রিলের মত তাপপ্রবাহের সম্ভাবনা প্রায় ৪৫ গুণ বেড়েছিল। জেডসিএর গবেষণায় তাপপ্রবাহের সঙ্গে সম্পর্কিত ৫ হাজার ৫১৫টি এবং মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ১ হাজার ৪৭৯টি অতিরিক্ত অপরিণত জন্মের হিসাব দুটি পৃথক বিশ্লেষণ থেকে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও