এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ও ফলাফল ডিসেম্বরে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে।
আজ সোমবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার একটি খসড়া রোডম্যাপ তৈরি করা হয়েছে। এটি অনুমোদন পেলে নির্ধারিত সময়ের মধ্যে পুরো কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।
ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- এইচএসসি পরীক্ষা