স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর বাড়িয়েছে জাতিসংঘ। এই সময়ে ব্যাংকিং খাত, রাজস্ব আদায় ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সংস্কার করবে বাংলাদেশ। এ জন্য সুনির্দিষ্ট সময়সীমা ধরে একটি রূপরেখা তৈরি করা হয়েছে। তা উন্নয়ন সহযোগীদের, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে জমা দিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইইউ ও জাতিসংঘ প্রতিবছর এই পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবে।
গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল ২০২৬ সালের ২৪ নভেম্বর থেকে বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর করা হয়। কোনো ভোটাভুটি বা আপত্তি ছাড়াই প্রস্তাবটি গৃহীত হয়।
বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইইউ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। তবে একই সঙ্গে কার্যকর সংস্কার পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে তারা।