শ্রমিক অসন্তোষ: ‘ইন্ধনদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সালাহউদ্দিনের
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমরা অত্যন্ত কঠোর ভাষায় বলে দিতে চাই—যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত, আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং অস্থিরতা সৃষ্টি করার জন্য দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সড়ক-মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগের সাম্প্রতিক ঘটনায় জড়িতদের ভিডিও ও অন্যান্য প্রমাণ সংগ্রহের কথাও জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “আমরা গতকালকেই সেরকম কিছু ব্যক্তিকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাদের সে সমস্ত কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ এবং কিছু কিছু প্রমাণ আমরা সংগ্রহ করেছি।
“অডিও আছে, ভিডিও আছে এবং বিভিন্ন সহিংস ঘটনার সচিত্র ভিডিও ক্লিপ আছে, আপনাদের কাছেও আছে।”