ছবি সংগৃহীত
তারকাদের সংসার ভাঙ্গার কারণ এবং বেশ কয়েকটি উদাহরণ
আপডেট: ২২ জানুয়ারি ২০১৪, ১৪:৩৯
সম্প্রতি অহনা, তিন্নি-হিল্লোল, মিমসহ আরো অনেকের সংসার ভেঙ্গে গেছে। আর এসব ঘটনার পর তিন্নি তো রীতিমত হারিয়েই গেছেন। আর গত বছরের শেষে এসে ঘর ভাঙ্গার খবর শুনতে হলো মোনালিসার। এর আগে ঘর ভেঙ্গেছে অপি করিমেরও। দু'দিন পর পরই কোন না কোন তারকার প্রেম বা বিয়ে বিচ্ছেদের খবর চাউর হয়ে উঠে মিডিয়ায়। কেন এমন হয়? মিডিয়ায় প্রেম, বিয়ে বিচ্ছেদ তিনটি বিষয়েই লুকোচুরির ঘটনা ঘটে। এই লুকোচুরিরই বা কারণ কি? আর যে বিষয়ে লুকোচুরির ঘটনা ঘটে তা নিয়ে সবারই কম বেশি আগ্রহ রয়েছে। সংসার যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে তারকাদের সংসার জীবন নিয়ে পাঠকদের রয়েছে তুমুল আগ্রহ। কারণ অনেকেই মনে করেন তাদের সংসারের কোনো শক্ত ভিত্তি নাই। না হলে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করার পর দেখা যায় কোনো তারকা জুটি বিয়ে করেছেন। আবার কিছুদিন পরেই যেভাবে তাদের বিয়ের খবর শোনা গিয়েছিল ঠিক সেভাবেই হুট করেই তাদের বিয়ে ভাঙ্গার গল্প শোনা যায়। পুরোনো কাসুন্দি ঘাটলে একাত্তুরের নিখোঁজ বরেণ্য চলচ্চিত্র পরিচালক জহির রায়হান সুমিতা দেবী থেকে শুরু করা যায়। তাদের ডিভোর্স হয়েছিল নায়িকা সুচন্দাকে জহির রায়হান বিয়ে করেছিলেন বলে। নায়ক আলমগীর ও গীতিকার খোশনুরের ডিভোর্স হয় বরেণ্য শিল্পী রুণা লায়লার সঙ্গে আলমগীরের প্রেমের কারণে। একই কারণে সংসার ভেঙ্গেছিলো সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী ও শিল্পী সালমা আলীরও। জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদী ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা জুটিকে দুই প্রান্তের দুই বাসিন্দা হিসেবে কখনো দেখা যাবে ভাবেননি কেউ। কিন্তু হঠাৎ একদিন পত্রিকার শিরোনাম ফরিদীকে ডিভোর্স দিয়ে নাট্য ব্যক্তিত্ব বদরুল আনাম সৌদকে বিয়ে করেছেন সুবর্ণা। অনেক পাঠক সেদিন এই জুটির ঘর ভাঙ্গার শব্দে দুঃখিত হয়েছিলেন। দুঃখ পাবেনই বা না কেন, তারকা জুটির ঘরভাঙ্গা বলে কথা। কারণ হিসেবে সুবর্ণা বলেছিলেন ডাক্তারের বারণ সত্বেও ফরিদীর অতিরিক্ত মদ্য ও ধুমপান। আরেক জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার ভালোবেসে বিয়ে করেছিলেন ভিনদেশি টিভি অনুষ্ঠান ও বিজ্ঞাপন নির্মাতা রিংগোকে। দেশের অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্বের বারণ সত্বেও রিংগোকে নিজের করে নিয়েছিলেন শমী। বিয়ের সময়ই অনেকে বলেছিলেন এই বিয়ে বেশি দিন টিকবে না। অনেকের সেই অনুমানকে সত্যেপরিণত করতে বেশি দিন সময় নেননি তাঁরা। এক দুর্ঘটনায় রিংগো আহত হলে চিকিৎসার জন্য দিল্লীতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই শমী জানতে পারেন মিথ্যা বলে বিয়ে করেছিলেন রিংগো। আগের স্ত্রীকে তালাক দেননি। শমী এবার পরিবারের কথাই শুনলেন। তালাক দিলেন রিংগোকে। প্রেম করে বিয়ে করেছিলেন নাট্যনির্মাতা গাজী রাকায়েত ও অভিনেত্রী আফসানা মিমিও। মতের অমিলের কারণে ভেঙ্গে যায় তাদেরও সংসার। নাট্যনির্মাতা সোহেল আরমান ও অভিনেত্রী তারিন প্রেম করে বিয়ে করেছিলেন হঠাৎ করেই। একমাস না পেরুতেই তাদের সংসারও যায় ভেঙ্গে। কারণ হিসেবে তারিন জানিয়েছিলেন অ্যাডজাস্টমেন্ট না হওয়ার বিষয়টি। জনপ্রিয় শিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক নকীব খান বিয়ে করেছিলেন সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরীকে। মতের অমিল হওয়ায় সামিনা চৌধুরী ডিভোর্স দেন নকীব খানকে, বিয়ে করেন অনুষ্ঠান নির্মাতা এজাজ খান স্বপনকে। আরেক জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ বিয়ে করেছিলেন মডেল অভিনেত্রী রুনাকে। ভেঙ্গে যায় তাদের সংসারও। রুনা বেছে নেন প্রবাস জীবন। বাংলা চলচ্চিত্রের অসম্ভব জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও জনপ্রিয় নায়িকা দিতি ভালোবসে বিয়ে করেছিলেন একে অপরকে। সন্তানদের কথা চিন্তা করেই নাকি তারা একে অপরের এক হয়েছিলেন। কিন্তু বেশিদিন টেকেনি এ সংসার। যে সন্তানদের কথা চিন্তা করে তারা এক হয়েছিলেন সেই সন্তানরা একে অপরকে এক পরিবারের ভাবতে পারেন নি। পিতা মাতারা আর কি করবেন। স্যাক্রিফাইস করলেন অল্প কিছুদিনের বিবাহিত জীবন। নাট্যনির্মাতা এজাজ মুন্না ও অভিনেত্রী তাজিন আহমেদ বিয়ে করেছিলেন প্রেম করে। অনেকদিন টিকেছিল তাদের সংসার। কিন্তু মানসিক অ্যাডজাস্টমেন্টের অভাবই তাদেরকে আলাদা করে দেয়। তাজিন ডিভোর্স দেন মুন্নাকে। মুন্না বিয়ে করেন অভিনেত্রী মমকে। তাদেরও সংসারও ভাঙ্গার শব্দ শোনা যাচ্ছে। ইতোমধ্যেই আলাদা থাকছেন মম। ওদিকে পরিচালক শিহাব মাহীনকে নিয়ে মমর প্রেমের গুজব এখন টক অব দ্য কান্ট্রি। প্রেম করে বিয়ে করেছিলেন ব্যান্ড তারকা জেমস এবং রথি। জেমস মজে যান প্রবাসী এক তরুণীর প্রেমে। সেই তরুণী জেমসকে বিয়ে করতে চলে আসেন ঢাকায়। ফলে সংসার ভাঙ্গে জেমস-রথির। প্রেম করে বিয়ে করেন জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনীও। রবি চৌধুরীর পরকীয়া প্রেমের কারণে ডলি ডিভোর্স দেন রবিকে। তারকাদের সংসার ভাঙ্গার এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া-অভিনেত্রী শাবন্তী। শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক হাবীব ও রেডিও জকি লুবায়না। উপস্থাপক আনজাম মাসুদ-মডেল, অভিনেত্রী রোমানা। অভিনেতা শাকিল খান- অভিনেত্রী জনা, কিংবা বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা, মডেল অভিনেত্রী জেনি। সঙ্গীত শিল্পী প্রিতম ও সঙ্গীত পাঠিকা সঙ্গীতা। অভিনেতা তিন্নি ও হিল্লোল। বিয়ে ভাঙ্গার ব্যাপারে অভিনেত্রী দিতি বলেন, তারকাদের সংসার আর সাধারণ মানুষের সংসারের মাঝে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। ভাঙ্গা গড়ার খেলা প্রায় সব সংসারেই ঘটে থাকে। সাধারণ মানুষের যে কারণে সংসার ভাঙ্গে তারকাদের সংসারও ভাঙ্গে একই কারণে। তবে আমার মনে হয় সাধারণ মানুষের চেয়ে তারকাদের সংসার খুব কম ভাঙ্গে। আর তারকাদের ভেতরে নায়িকাদের সংসার ভাঙ্গে বেশি। এর কিছু কারণ আছে বলে আমি মনে করি। অভিনয়ে ব্যস্ততার কারণে নায়িকাদের অধিকাংশ সময় বাসার বাইরে অবস্থান করতে হয়। সংসারের দিকে তারা খেয়াল রাখতে পারেন না। এ কারণে স্বামীর সঙ্গে তাদের মনোমালিন্য হয়। আর যদি সন্তান থাকে তাহলে তো অবস্থা আরো গুরুতর। সন্তানকে বেশিরভাগ সময় থাকতে হয় মা ছাড়া। মুলত: এসব কিছু নিয়েই স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সংসারে ভাঙ্গনের সুর বাজে। অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, তারকাদের সংসার কেন ভাঙ্গে তা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কারণ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অভিনেত্রী শমী কায়সার বলেন, তারকাদের চেয়ে সাধারণ মানুষের সংসার বেশি ভাঙ্গে। তারকা বলেই তাদের ঘটনার প্রচার বেশি হয়। আমি মনে করি, সংসারের ভাঙ্গা গড়া যেমন স্বামী স্ত্রী দুজনের উপরই নির্ভর করে তেমনি সংসার টিকিয়ে রাখার দায়িত্বও দু'জনের। সংসারের বাঁধন শক্ত রাখতে দু'জনকেই স্বার্থ ত্যাগ করতে হবে। দু'জনের একজন যখন ক্যারিয়ার নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়েন। তখনই সংসারে ভাঙ্গনের সুর বেজে ওঠে। অভিনেত্রী তাজিন আহমেদ বলেন, তারকারাও তো মানুষ। মানুষের বাইরে তো না। তাদেরও মানুষের মতো প্রেম হয়, ঝগড়াঝাটি হয়। মানুষের মতো তাদেরও সংসার ভাঙ্গতে পারে। দুটি মানুষকে এক সঙ্গে চলতে হয়। অনেক সমস্যা দেখেও অনেকে বোধ শক্তিহীনভাবে সারা জীবন পার করে দেয়। কিন্তু মানুষে মানুষে পার্থক্য থাকে। দুটি মানুষই কেবল বলতে পারে তাদের সংসার কেনো ভাঙ্গে। সঙ্গীত শিল্পী শাকিলা জাফর বলেন, শুধু শুধু তারকাদের দোষ নিয়ে লাভ নেই। যেভাবে তারকাদের সংসার ভাঙ্গার খবর প্রকাশ করা হয় বাস্তবে তার আসলে কিছুই ঘটে না। মিডিয়ার কল্যাণেই বাড়তি খবর ছড়ায়। আগে তারকাদের সংসার খুবই কম ভাঙ্গতো। আর এখন সংসার ভাঙ্গার ঘটনা অহরহ ঘটছে। কেউ আসলে ইচ্ছা করে সংসার ভাঙ্গতে চায় না। যখন দু'জনের মাঝে আন্ডারস্টান্ডিং হয় না, কেবল তখনই সংসার ভাঙ্গনের সম্মুখীন হয়। অনেকে আবার কম্প্রোমাইজ করে থাকে। আসলে সংসার ভাঙ্গার অনেক কারণ রয়েছে। এই কারণগুলো যখন কেউ উৎরে যেতে পারে না তখনই সমস্যার সৃষ্টি হয়। মিডিয়ায় প্রকাশিত সংবাদের সত্যতা প্রকাশ যখন পায় তখন অনেক তারকাই ঘটনার সত্যতা স্বীকার করে নেন। বলা যায় বিপদে পড়েই তারা সত্য স্বীকার করে নেন। কেন তারা এড়িয়ে যান আসল ঘটনা, জানতে প্রশ্ন করেছিলাম ছোটপর্দার সিনিয়র এক অভিনয় শিল্পীর কাছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, তারকাদের কিছু সমস্যা আছে। তারা সহজে সত্য প্রকাশ করতে চান না। তাদের সংসার ভাঙ্গার খবর প্রকাশ হয়ে পড়লে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে ভেবে তারা সত্য আড়াল করতে চান। কিন্তু আসল ঘটনা যখন প্রকাশ হয়ে পড়ে তখন তাদের ক্যারিয়ার যে আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাঁরা তা বুঝতে পারেন না। তারকাদের অধিক উচ্চাকাঙ্খাই তাদের সংসার ভাঙ্গার মূল কারণ। অনেকেই বলে থাকেন তারকাদের কাছে সংসার কোনো ব্যাপার না। তারা জেনেশুনেই কিছু দিনের জন্য সংসার বাঁধেন। আবার হঠাৎ করেই সংসারের বাঁধন ছিন্ন করেন। তারা যাযাবরের মতো জীবন-যাপন করতে চান। কোনো জায়গাতেই তারা স্থিরভাবে থাকতে চান না। কণ্ঠশিল্পী খুরশিদ আলম বলেন, তারকাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও বিশ্বাসের ঘাটতি থেকেই সংসার ভাঙ্গে। একজন আরেকজনকে ছাড়িয়ে যাবার তাড়না থেকেও সংসার ভাঙ্গনের সম্মুখীন হয়। অভিনেত্রী শর্মিলী আহমেদ বলেন, সংসারে ভালোবাসা না থাকলে সংসার ভাঙ্গবেই। এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাইনা। কারো ব্যক্তিগত জীবন যদি সুখের না হয় তাহলে শত চেষ্টা করেও সংসারের ভাঙ্গন টিকিয়ে রাখা যাবে না। মনোরোগ বিশেষজ্ঞ এ এইচ মোহাম্মদ ফিরোজ বলেন, উচ্চাকাঙ্খা, হিংসা এবং অহংকারবোধের কারণে তারকাদের সংসার ভাঙ্গে। তারকাদের মধ্যে স্বামী চান স্ত্রীর থেকে তার ক্যারিয়ার মজবুত হোক। আবার স্ত্রীর আকাঙ্খাও একই রকম। এর ফলে তাদের সংসার বেশি দিন টিকে না। তারা কেউ কাউকে ছেড়ে দিতে চান না। এমনকি তাদের সন্তানের কথাও চিন্তা করেন না। অতিরিক্ত ক্যারিয়ার সচেতনতাই তাদের সংসার ভাঙ্গার কারণ। ব্যক্তিগত জীবন সুখের না হওয়ায় অনেক তারকার সংসারেই ভালোবাসা উধাও হয়ে যায়। এর ফলে সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে। আর সংসারের এ ঝড়ো বাতাসের খবর ঘর ছেড়ে বাইরে প্রকাশ হতে বেশি সময় লাগে না। অবাধ মিডিয়ার কল্যাণে এ খবর চারিদিকে আরো দ্রুত ছড়িয়ে পড়ে।
- ট্যাগ:
- বিনোদন
- টিভি
- কারণ এবং উদাহরণ
- তারকা
- সংসার ভাঙ্গা