কয়েকটি নিরীহ প্রশ্ন
যে বিষয়টি নিয়ে দেশের জনগণ এখন সবচেয়ে বেশি উৎসুক, সে বিষয়ে কিছু বলার নেই, মানে বলা যাবে না। কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না, তার সুরাহা এখনো হয়নি। তাই বাকস্বাধীনতার সীমা কতটা, তা এক রহস্যময় প্রশ্নে পরিণত হয়েছে। এ কারণে এই লেখায় কিছু মৌলিক প্রশ্ন তুলব, যেগুলো নিয়ে ভাবা জরুরি।
কোনো জাতি তার অতীত ইতিহাসের ওপর নির্ভর করে দাঁড়ায়, সেটাই তার ভিত্তি। কিন্তু কখনো কখনো সেই ভিত্তিটাই অস্বীকার করার চেষ্টা হয়ে থাকে। সেই চেষ্টা কিছু সময়ের জন্য মানুষের মনকে বিভ্রান্ত করতে পারলেও একসময় ঠিকই তা হারিয়ে যায় বিস্মৃতির অতল গহ্বরে। শুধু তাই নয়, সম্মিলিত জনসংঘ তাদের সত্যিকার ইতিহাস লিপিবদ্ধ করে রাখে প্রবহমান রক্তের বীজে। তাই ইতিহাস ভুলিয়ে দেওয়ার পাঁয়তারা অন্তত আমাদের দেশে সফল হবে না, এ কথা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে।
লেখার শুরুতে স্বীকার করে নেওয়া ভালো, পাকিস্তানি শোষণ ও বঞ্চনার অবসানের পর যে বাংলাদেশের জন্ম হয়েছিল, সে বাংলাদেশ এখন পর্যন্ত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। যাঁরাই শাসনভার গ্রহণ করেছেন বা ছিনিয়ে নিয়েছেন, তাঁরাই দেশের জনগণকে হতাশ করেছেন। দেশ শাসনের নামে তাঁরা নিজেদের আখের গোছানোর কাজটাকেই বড় করে দেখেছেন। এরই মধ্যে কোন সরকারের আমলে কতটুকু উন্নয়ন হয়েছে, কোন সরকারের আমলে প্রবৃদ্ধির হার বেড়েছে, কোন সরকারের সময় দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়া হয়েছে, তার হিসাব পরিসংখ্যানেই পাওয়া যাবে। বিভিন্ন নথিতেও তা থাকবে। কিন্তু আক্ষেপের বিষয়, সামগ্রিকভাবে এই দেশে দলীয়করণ ছাড়া সরকার গঠন হতে পারেনি। দলীয়করণের এই নির্লজ্জ ধারাবাহিকতা থেকে কেন রাজনীতি বেরিয়ে আসতে পারল না, সে প্রশ্নের উত্তর কে দেবে?
পাকিস্তান রাষ্ট্রটির বারোটা বাজিয়েছিল সেনাবাহিনী ও আমলাতন্ত্র। রাজনীতিবিদদের রাজনীতি থেকে দূরে রাখার কাজটা ‘লৌহমানব’ আইয়ুব খানই করেছিলেন। জন্মের পর থেকেই সেনা ও আমলারা শক্তিশালী হয়ে উঠেছিল পাকিস্তানে, বর্তমানের পাকিস্তান সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। ইমরান খান চেষ্টা করেছিলেন এই শিকল ভাঙতে, কিন্তু তাঁর সঙ্গে কোন আচরণ করা হয়েছে, সেটা নিশ্চয়ই সবার জানা আছে। পাকিস্তানের রাজনীতি ‘জেনারেল সাহেব’দের হাত থেকে বের হতে পারেনি কখনো। বাংলাদেশের সঙ্গে তুলনা করলে পাকিস্তানকে পাওয়া যাবে অনেক পেছনে। তাই পাকিস্তান নিয়ে কথা বলতে গিয়ে যারা মুখে ফেনা তোলে, তারা যে মতলববাজ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
বাংলাদেশ বারবার গণতন্ত্রের কাছে ফিরে আসার স্বপ্ন দেখে। কখনো সে স্বপ্ন পূরণ হয় বটে, কিন্তু তা বেশি দিন টেকে না। গণতন্ত্রের মূল সৌন্দর্যই হলো বহুত্ববাদ। মূলত বিভিন্ন মতবাদের সহাবস্থান থাকবে, যুক্তি-আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের দর্শন বর্ণনা করবে। জনগণ তাদের মধ্য থেকেই দেশের চালকদের নির্বাচিত করবে—এই তো হওয়ার কথা। কিন্তু কেন সেটা টেকসই হয় না, সেটাই এখন দেশের মানুষ বোঝে। ক্ষমতায় এসেই রাজনৈতিক দলগুলো প্রথমেই ভেবে বসে—কিছুদিন পরই তো ক্ষমতা চলে যাবে, তাই যতটা পারি, কামিয়ে নিই। এরপর আরও কিছুদিন কেটে গেলে তারা ক্ষমতা পাকাপোক্ত করার ফন্দি আঁটে। নিজেদের কাজ দিয়ে জনগণকে তুষ্ট না করে খবরদারি আর নির্যাতনের মাধ্যমে ভয়ের সংস্কৃতির জন্ম দেয়। কিন্তু ক্ষমতা যে চিরস্থায়ী বিষয় নয়, সেটা সরকারে থাকলে বোঝা যায় না। অসীম ক্ষমতা হাতে নিয়ে বিরোধীপক্ষকে দমন-পীড়ন করতে থাকলে একসময় সংগঠনের মেরুদণ্ড ভেঙে পড়ে। তখন পুলিশি-আইনের ওপর নির্ভর করে চলতে হয় সরকারকে। এরপর কী ঘটে, তা আগেও দেখা গেছে, ভবিষ্যতেও দেখা যাবে। এই নিয়মটি এতটাই পরিচিত যে রাজনৈতিক দলগুলো এ থেকে শিক্ষা নিলে অন্তত দেশের মানুষের সেবা করার মতো মানসিকতার অধিকারী হতে পারত। কিন্তু সরকারি লোকেরা নিজেদের জনগণের সেবক না ভেবে প্রভু ভাবা শুরু করে দেয় বলে দেশের রাজনৈতিক সংকট কাটে না।
- ট্যাগ:
- মতামত
- রাজনৈতিক সংকট