আমাদের কখনো স্লোগানের অভাব হয়নি। কিন্তু, সেগুলো বাস্তবায়নে আমরা বরাবরই ব্যর্থ। কিছু ক্ষেত্রে সফলতা এলেও তার সুফল কখনো সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। বাংলাদেশের স্বাধীনতাই এর অন্যতম উদাহরণ। আমরা ‘রাষ্ট্র’ পেয়েছি, কিন্তু অভিজাত শ্রেণি ছাড়া সাধারণ মানুষ খুব কম ক্ষেত্রেই তাদের অধিকার ও প্রাপ্য সুবিধা পেয়েছে।
হ্যাঁ, নানা দিক থেকে আমরা ধনী হয়েছি। কিন্তু ধনী-গরিবের ব্যবধান আরও বেড়ে অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছেছে এবং তীব্র হতাশার জন্ম দিয়েছে। সমাজের একেবারে নিচের স্তর, নিম্নবিত্তের কাছাকাছি অবস্থানে থাকা মানুষ এবং নিম্নমধ্যবিত্তরা তাদের ন্যায্য অধিকার ও সুবিধা পেয়েছেন খুব সামান্যই। জিডিপি ও মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বাড়লেও সামগ্রিক হিসাবের সীমাবদ্ধতায় এসব পরিসংখ্যানে দরিদ্র ও প্রান্তিক মানুষের দুর্দশা আড়ালেই পড়ে থাকে।
এখন আমাদের সামনে নতুন এক স্লোগান—‘সবার আগে বাংলাদেশ’। বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দলটির নির্বাচনী ইশতেহারে এই স্লোগান যুক্ত করেছেন। জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি এর আরেকটি রূপ তুলে ধরেছেন—‘সবার জন্য বাংলাদেশ’।
প্রথম স্লোগানটির সীমাবদ্ধতা তিনি সম্ভবত বুঝতে পেরেছেন এবং সব জাতিগোষ্ঠী ও ধর্মীয় পরিচয়ের মানুষকে গুরুত্ব দিয়ে এটিকে অন্তর্ভুক্তিমূলক করার বিচক্ষণতা দেখিয়েছেন। ‘সবার আগে বাংলাদেশ’ ও ‘সবার জন্য বাংলাদেশ’—এই দুই স্লোগান এক করলে এমন একটি স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সব প্রচেষ্টা ও শক্তি নিয়োজিত করার সুযোগ তৈরি হতে পারে, যে স্বপ্ন স্বাধীনতার ৫৫ বছরেও আমরা পূরণ করতে পারিনি।
‘সবার আগে বাংলাদেশ’ বা ‘সবার জন্য বাংলাদেশ’-এর প্রকৃত অর্থ কী? এর অর্থ কি নিজ স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে জায়গা দেওয়া এবং নিজের পরিবর্তে দেশের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া নয়?
আমরা কি ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সবার উপরে জায়গা দিতে পারছি? এভাবে কাজ করার মানসিকতা কি আমাদের আছে? ১৯৭১ সাল ছাড়া এমন কাজের কোনো নজির কি আছে?
আমরা কীভাবে নিজেদের ক্ষতি করেই যাচ্ছি!
মানুষের মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে। সেটি হলো—বিএনপির কর্মকাণ্ড, দলটির নেতা, সংসদ সদস্য ও মন্ত্রীরা কি ব্যক্তি ও দলীয় স্বার্থের আগে বাংলাদেশকে জায়গা দিচ্ছেন? কোনো সংসদ সদস্য কি অন্য একজন সংসদ সদস্যের এলাকায় উন্নয়ন প্রকল্প নিতে রাজি হবেন, যদি সেখানেই প্রকল্পটির সবচেয়ে বেশি প্রয়োজন থাকে?
না। তাদের যুক্তি, তারা অন্য এলাকার নয়, নিজ নির্বাচনী এলাকার মানুষের সেবা করার জন্য নির্বাচিত হয়েছেন। নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে সবকিছু করাই কেবল তাদের দায়িত্ব। তাহলে তারা কি নিজেদের নির্বাচনী এলাকার স্বার্থের আগে বাংলাদেশকে জায়গা দিতে পারবেন?
না। তাদের যুক্তি, তারা অন্য এলাকার নয়, নিজ নির্বাচনী এলাকার মানুষের সেবা করার জন্য নির্বাচিত হয়েছেন। নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে সবকিছু করাই কেবল তাদের দায়িত্ব। তাহলে তারা কি নিজেদের নির্বাচনী এলাকার স্বার্থের আগে বাংলাদেশকে জায়গা দিতে পারবেন?
ব্যক্তিস্বার্থ হয়তো অতিক্রম করা সম্ভব। কিন্তু, দলীয় স্বার্থ? আমাদের ইতিহাস বলে, কোনো দল ক্ষমতায় এলে সরকারের প্রতিটি শাখায়, এমনকি বেসরকারি খাতেও দলীয় স্বার্থ রক্ষায় রাষ্ট্রের পুরো প্রশাসনিক কাঠামোকে ব্যবহার করে। তাদের যুক্তি, ‘মানুষ আমাদের ভোট দিয়েছে’, তাই দলীয় স্বার্থই ‘জাতীয় স্বার্থে’ পরিণত হয়েছে। এখানেই স্বার্থের দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। প্রধানমন্ত্রীর জন্য এই দ্বন্দ্বের সমাধান করা হবে অত্যন্ত কঠিন এক চ্যালেঞ্জ।
সম্প্রতি দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন জেলায় হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর ক্ষেত্রে জনচাহিদাকে গুরুত্ব না দিয়ে বরং ওই জেলাগুলোর প্রতিনিধিত্বকারী নেতাদের প্রভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটাই কি ‘সবার আগে বাংলাদেশ’ নীতি?
‘সবার আগে বাংলাদেশ’কে স্লোগান থেকে বাস্তবে পরিণত করতে চাইলে শুরুতেই দুটি কাজ করতে হবে। প্রথমত, প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং দ্বিতীয়ত, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।
এর আগে এক কলামে রবিনসন ও অ্যাসেমোগলুর ‘হোয়াই নেশনস ফেইল’ বইয়ে তুলে ধরা গবেষণার ফলাফল উল্লেখ করেছিলাম। বহু দেশ নিয়ে পরিচালিত তাদের গবেষণায় স্পষ্ট হয়েছে, যেসব দেশ প্রতিষ্ঠান গড়ে তোলে, কেবল তারাই অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখতে পারে। অগ্রগতি ব্যক্তিনির্ভর হলে ব্যক্তির মতোই তা টালমাটাল হয়ে পড়ে। প্রতিষ্ঠানের আগে ব্যক্তিকে জায়গা দিলে কোনো দেশই টেকসই অগ্রগতি অর্জন করতে পারে না।