বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। প্রাকৃতিক সম্পদ, কৃষি, নদ-নদী, সীমান্তবাণিজ্য ও ভৌগোলিক অবস্থানের কারণে জেলাটির অর্থনৈতিক সম্ভাবনা অনেক। অথচ সম্ভাবনার তুলনায় উন্নয়নের গতি এখনো প্রত্যাশিত নয়। তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর ভাঙন, দারিদ্র্য, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, শিক্ষার সীমাবদ্ধতা, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা এবং সামাজিক বৈষম্য জেলার একটি বড় জনগোষ্ঠীকে প্রতিনিয়ত সংগ্রাম করতে বাধ্য করছে। বিশেষ করে কৃষিশ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, চা-শ্রমিক, চরাঞ্চলের মানুষ এবং নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এখনো একটি বড় সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ।
এই বাস্তবতায় ‘আলোকিত লালমনিরহাট’ হতে পারে মানুষের জীবন বদলে দেওয়ার একটি সম্মিলিত সামাজিক, অর্থনৈতিক ও মানবিক আন্দোলন। এ আন্দোলনের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ, মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা এবং জেলার উন্নয়ন-সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার বিষয়টি বিশেষভাবে আলোচনার দাবি রাখে।
লালমনিরহাটের বিপুলসংখ্যক মানুষ কৃষি, কৃষিশ্রম, ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, নির্মাণশ্রম, দিনমজুরি ও অনানুষ্ঠানিক পেশার ওপর নির্ভরশীল। তাঁদের অনেকেরই কাজের নিশ্চয়তা নেই, নিয়মিত আয় নেই, নেই পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা। মৌসুমি কর্মসংস্থান, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, উৎপাদন উপকরণের ব্যয় বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য তাঁদের অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করে। বিশেষ করে চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকার মানুষের জীবনে দারিদ্র্য যেন বংশপরম্পরায় বহমান।
তিস্তা নদীর ভাঙন ও পানিপ্রবাহের পরিবর্তন এই সংকটকে আরও জটিল করেছে। অ্যাকশনএইডের গবেষণার বরাতে এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে তিস্তাপারের নদীনির্ভর ৩৫ শতাংশ মানুষ পেশা হারিয়েছেন এবং ৪২ শতাংশ মানুষকে দশবার পর্যন্ত ঠিকানা পরিবর্তন করতে হয়েছে। পরিবারপ্রতি বছরে গড় আর্থিক ক্ষতির পরিমাণও উল্লেখযোগ্য।