প্রবৃদ্ধি আছে, সংসারের স্বস্তি নেই
মাসের শুরুতে বেতন হাতে আসে। কিন্তু মাসের মাঝামাঝি যেতে না যেতেই পকেট ফাঁকা। বাজারে গিয়ে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে দাম জানতে চান একজন গৃহকর্তা। হিসাব মেলাতে না পেরে শেষ পর্যন্ত অনেক কিছু না কিনেই বাড়ি ফেরেন।
এই অভিজ্ঞতা এখন আর শুধু নিম্ন আয়ের মানুষের নয়, মধ্যবিত্তের সংসারেও একই অবস্থা। অথচ অর্থনীতির নানা প্রতিবেদনে প্রবৃদ্ধির পূর্বাভাস আর মূল্যস্ফীতি কমার খবর শোনা যায়। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, কাগজে-কলমে অর্থনীতির হিসাব যা-ই বলুক, বাজারের এই বাড়তি খরচ সামলাবে কীভাবে?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল অক্টোবরের বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে বলেছে চলতি বছর বিশ্ব প্রবৃদ্ধি দাঁড়াবে ৩ দশমিক ১ শতাংশে, যা গত বছরের ৩ দশমিক ৫ শতাংশের চেয়ে কম। একই সঙ্গে বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৭ শতাংশে পৌঁছানোর আভাস দিয়েছে সংস্থাটি। অর্থাৎ বিশ্ব অর্থনীতি থেমে যায়নি, কিন্তু চলার দাম মেটাতে হচ্ছে সাধারণ মানুষকে।
মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরানকে ঘিরে উত্তেজনা, জ্বালানি বাজারের অনিশ্চয়তা আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘ ছায়া মিলে সরবরাহ ব্যবস্থায় ফাটল ধরিয়েছে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, আর পরিবহন খরচ বাড়লে চাল, ডাল, তেল সবকিছুর দামেই তার ছাপ পড়ে। যুদ্ধের সিদ্ধান্ত নেন ক্ষমতাধরেরা, কিন্তু তার মাশুল গোনেন বাজারে দাঁড়ানো শ্রমিক, কৃষক আর মধ্যবিত্ত গৃহস্থ।
বাংলাদেশ এই ঢেউ থেকে দূরে নয়। আমদানি নির্ভরতা, জ্বালানি সংকট, দুর্বল রাজস্ব সক্ষমতা আর ব্যাংক খাতের ভঙ্গুরতা ধাক্কাটিকে আরও তীব্র করছে। বিশ্বব্যাংকের অক্টোবরের বাংলাদেশ উন্নয়ন হালনাগাদ বলছে গত অর্থবছরে প্রবৃদ্ধি নেমেছে ৩ দশমিক ৪ শতাংশে এবং চলতি অর্থবছরেও তা একই থাকতে পারে।
দশ বছরের গড় প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৬ শতাংশ। বেসরকারি খাতের ঋণপ্রবাহ বেড়েছে মাত্র ৪ দশমিক ৫ শতাংশ হারে, যা ৩৩ বছরে সর্বনিম্ন। বিনিয়োগ থমকে গেলে কর্মসংস্থানও থমকে যায়। ফলে গত অর্থবছরে প্রায় ২১ লাখ মানুষ নতুন করে আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। জাতীয় দারিদ্র্যের হার টানা চতুর্থ বছর বেড়ে প্রায় ২২ দশমিক ৫ শতাংশে ঠেকেছে। এগুলো কেবল সংখ্যা নয়। এক একটি পরিবারের ভেঙে পড়ার গল্প।
এখানে একটি সূক্ষ্ম অথচ নির্মম সত্য বোঝা দরকার। মূল্যস্ফীতি কমা মানে দাম কমা নয়। মানে দাম বাড়ার গতি একটু ধীর হওয়া। একবার যে ক্রয়ক্ষমতা হারিয়ে গেছে তা আপনাআপনি ফেরে না।
- ট্যাগ:
- মতামত
- জীবনযাত্রার ব্যয়