প্রতিরোধ গড়ে তোলা অত্যাবশ্যক

www.ajkerpatrika.com সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮

ধর্ষণ জিনিসটা আগে ছিল না, এমন নয়। ছিল, তবে সীমিত পরিমাণে। গণধর্ষণের এবং শিশু ধর্ষণের খবর পাওয়া যেত না। একাত্তরে হারামি পাকিস্তানি হানাদার বাহিনীই বাংলাদেশে প্রথমবারের মতো নির্বিচারে ধর্ষণ ও গণধর্ষণের কাজ শুরু করে। মার খেয়ে এবং লেজ গুটিয়ে তারা পালিয়েছে, কিন্তু গণধর্ষণ থামেনি; বরং ভয়াবহ আকার ধারণ করেছে। মহামারিই বলা যায়। সঙ্গে ঘটছে শিশু ধর্ষণ, আগে যা অকল্পনীয় ছিল।


চলতি বছরের মে মাস পর্যন্ত নারী ও শিশু সহিংসতায় হত্যা ও নির্যাতনের ঘটনাগুলো দেখলে বোঝা যায়, দেশে নারী ও শিশু নির্যাতন এবং নৃশংসভাবে হত্যা কতটা বেড়েছে। গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনা পুরো দেশের বিবেক নাড়িয়ে দিয়েছে। শিশু রামিসা স্কুল থেকে বাসায় ফিরছিল। তাদের পাশের ফ্ল্যাটে থাকত ঘাতক মাদকাসক্ত সোহেল। দুই ফ্ল্যাটের মাঝখানে ফাঁকা জায়গা থেকে সোহেল শিশুটিকে টেনে রুমের মধ্যে ঢুকিয়ে নিয়ে ধর্ষণ করে। এরপর বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করে। এই দৃশ্য শুধু একটি পরিবারের নয়, এটি পুরো রাষ্ট্রের বিবেকের ওপর রক্তাক্ত এক প্রশ্নচিহ্ন।


রামিসার বাবা আক্ষেপ এবং চাপা ক্ষোভ বুকে নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, আমি কার কাছে বিচার চাইব? তবে সেই ধর্ষক সোহেলকে বিচারের মাধ্যমে কঠিন শাস্তি দেওয়া হয়েছে।


গত ১ মার্চ সকালের দিকে অন্য দিনের মতো ঘরের আশপাশে খেলছিল ছোট্ট শিশু ইরা। নিষ্পাপ শিশুটি বুঝতেই পারেনি, পরিচিত এক প্রতিবেশীর ডাকে সাড়া দেওয়া তার জীবনের শেষ পথচলা হতে যাচ্ছে। চকলেটের লোভ দেখিয়ে প্রতিবেশী বাবু শেখ তাকে ফুসলিয়ে নিয়ে যায় সীতাকুণ্ড ইকোপার্কের পাহাড়ি জঙ্গলে। সেখানে চালানো হয় নির্মম নির্যাতন। একপর্যায়ে বর্বরোচিতভাবে কেটে দেওয়া হয় তার গলা।


রক্তাক্ত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়তে থাকা শিশুটিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু মৃত্যুর বিরুদ্ধে সেই লড়াই বেশিক্ষণ টিকল না। টানা দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বিছানায় শেষনিশ্বাস ত্যাগ করে ইরা। এর আগে গলাকাটা অবস্থায় পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে থাকা ইরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মৃত্যুযন্ত্রণায় কাতর ছোট্ট শিশুটি রক্তাক্ত শরীর নিয়ে বাঁচার শেষ চেষ্টা করছে। দৃশ্যটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, নাড়িয়ে দিয়েছে গোটা জাতির বিবেককেও।


একটি শিশু মৃত্যুর আগে কতটা যন্ত্রণা সহ্য করলে রক্তে ভেজা শরীর নিয়ে শেষবারের মতো হাঁটার চেষ্টা করে—এই প্রশ্ন এখন প্রত্যেক মানবিক মানুষের মধ্যে গভীর ক্ষতের মতো রয়ে গেছে।


গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রামে দাদির সঙ্গে বেড়াতে গিয়ে একটি শিশু ধর্ষণের শিকার হয়। নয়ন (১৪) নামের এক কিশোর আম খাওয়ানোর কথা বলে শিশুটিকে আমগাছের নিচে নিয়ে এই অপরাধ ঘটায়। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


গত মে মাসের শুরুতে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে প্রতিবেশীর পাঠানো সিগারেট নিয়ে ঘরে গেলে শিশু ফাহিমাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর ফাহিমাকে শ্বাসরোধে হত্যা করে ঘাতক জাকির হোসেন। এরপর সে তার স্ত্রীর ওড়না দিয়ে শিশুটির মরদেহ পেঁচিয়ে নিজের ঘরের একটি ব্রিফকেসের (লাগেজ) ভেতর ভরে রাখে। লাশটি ব্রিফকেসে ভরে সে তার নিজের ঘরের খাটের নিচে বা দোতলায় লুকিয়ে রাখে। এ অবস্থায় মরদেহটি ঘরের ভেতর টানা দুই দিন পড়ে থাকে। দুই দিন পর মরদেহটি পচে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে এবং পুলিশ ও এলাকাবাসীর তল্লাশির মুখে ধরা পড়ার ভয়ে জাকির ব্রিফকেস থেকে লাশটি বের করে রাতের আঁধারে পাশের একটি নোংরা ডোবায় ফেলে দেয়।

নরসিংদীতে আমিনা নামের এক কিশোরীকে ১১ ফেব্রুয়ারি রাতে বাবার সামনে থেকে তুলে নেয় স্থানীয় একদল যুবক। অনেক খোঁজাখুঁজি করে পরদিন সকালে গ্রামের একটি ফসলি জমি থেকে উদ্ধার করা হয় ধর্ষিত অবস্থায় ওই কিশোরীর মরদেহ। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। পুলিশ এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছিল।


সত্য এটাই যে ধর্ষণের ভয়ংকরতাকে ভদ্র কোনো শব্দ দিয়ে আড়াল করা যাবে না; তার নিষ্ঠুরতা ও পরিমাণ বৃদ্ধিকেও ঢাকনা দিয়ে ঢেকে রেখে কমানো সম্ভব নয়। কেবল ধর্ষণ নয়, বলাৎকারও চলছে। মাদ্রাসার শিক্ষক ধরা পড়ছেন বলাৎকারের অভিযোগে। মাদ্রাসার ব্যবস্থাপকও ওই কাজ করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও