বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে

যুগান্তর আবু আহমেদ প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে দ্রুত পণ্য আনা-নেওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সড়ক। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের আধুনিকায়ন ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে। যদিও এটা অনেক আগেই করা উচিত ছিল। কিন্তু এর পেছনে যে লজিস্টিক সাপোর্ট মানে কনটেইনার ইয়ার্ড, রোড এগুলোর উন্নয়ন করতে হবে। এগুলো তো আর ডিপি ওয়ার্ল্ড করে দেবে না। এগুলো না করলে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারগুলো যথাসময়ে ঢাকায় পৌঁছাতে পারবে না। ফলে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়নের যে দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়েছে, তা অর্থহীন হয়ে যাবে। ওটা তখন কার্যকর হবে না। কারণ ডিপি ওয়ার্ল্ড তখন বলবে, আমরা তো কাজ করছি, কিন্তু তোমাদের রোড ট্রান্সপোর্টের জন্য যদি তা ব্যাহত হয়, তার দায় আমাদের নয়। সুতরাং এটা নিয়ে একটা সমস্যা হবে। অতএব, যেভাবেই হোক সরকারকে এগুলোতে দ্রুত হাত দিতে হবে।


দেশের অর্থনীতি স্থবির হয়ে আছে। নতুন কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে। ব্যাংক ঋণের সুদের হার, পলিসি রেটের ক্ষেত্রে আইএমএফ আমাদের কোনো সমর্থন দেবে না, আমরা এটা বেশ ভালো করেই জানি। আইএমএফ থেকে ৩-৪ বিলিয়ন ডলার পাওয়ার জন্য আমাদের পলিসিকে আইএমএফ-এর কাছে বন্ধক রাখতে হচ্ছে। এটা দুঃখজনক। দেশের অর্থনীতিতে কোথাও তেমন কোনো সুখবর নেই। এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো পদক্ষেপও নেই। আসলে কালক্ষেপণ করলে শুধু মূল্যস্ফীতি হবে। আর এ মূল্যস্ফীতির অর্থনীতি একদিকে বিনিয়োগকে নিরুৎসাহিত করে, অপরদিকে গরিব আরও গরিব হতে থাকে। কারণ দেশে বিনিয়োগ না হলে, উৎপাদন না হলে, কর্মসংস্থান না থাকলে দারিদ্র্য বাড়বেই। তখন নিম্ন শ্রেণি-পেশার মানুষদের বিভিন্ন ভর্তুকি ব্যবস্থায় এনে ভালোভাবে বাঁচিয়ে রাখা দুরূহ হয়ে পড়বে। যেটা আমরা অতীতে দেখেছি। পাকিস্তান আমল থেকে দেখে আসছি। সেসময় নিম্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সরকার রেশন কার্ড প্রবর্তন করেছিল। এভাবে ভর্তুকি দিয়ে গরিবদের বাঁচিয়ে রাখা-এটা কি ভালো সিস্টেম? এটা কখনোই ভালো সিস্টেম হতে পারে না। কারণ এসব মানুষকে বসিয়ে বসিয়ে ভর্তুকি দিয়ে গেলে অর্থনীতি নিম্নমুখী হতে থাকবে। একসময় সরকারও ব্যর্থ হয়ে পড়বে। সুতরাং ভর্তুকি না দিয়ে কলকারখানায় উৎপাদন বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। তা না হলে আমাদের অধঃপতন অনিবার্য। আমার প্রশ্ন হলো, তাহলে কি আমরা গরিবই থাকতে চাই। গরিব থাকার জন্যই কি আমাদের এ পশ্চাদ্মুখিতা? এখন বাংলাদেশ যদি নিজে নিজে গরিব থাকতে চায়, তাহলে তো কেউ আমাদের ধনী করতে পারবে না। আমাদের ভাগ্যের উন্নয়ন করতে পারবে না। সুতরাং আমাদের দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে।


বিশ্ববাজারে আমাদের অবস্থান কী? আমরা কি বিশ্বের সঙ্গে তাল মেলাতে পেরেছি? আমার কাছে মনে হয়, আমরা সেভাবে পারিনি। কারণ বিশ্বের কয়টি দেশের সঙ্গে আমরা এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) সই করতে পেরেছি? পারিনি বললে অত্যুক্তি হবে না। অথচ ভিয়েতনাম বিভিন্ন দেশের সঙ্গে কয়েক ডজন এফটিএ করেছে। ফ্রি ক্রেডিট ডিমান্ড, প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট আমরা কারও সঙ্গে করতে পারি না। এটা আমাদেরই ব্যর্থতা। যা হোক, এখন নাকি কোরিয়ার সঙ্গে এফটিএ-এর ব্যাপারে কথা হচ্ছে। শুধু কোরিয়ার সঙ্গে কেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের যে কোনো দেশের সঙ্গেই এ ব্যাপারে চেষ্টা করা উচিত। পাকিস্তানের সঙ্গে এফটিএ করা যেতে পারে। তবে সার্কের অধীনে যেহেতু সাফটা রয়েছে, আমরা তা নিয়েও এগোতে পারি। সাফটা বর্তমানে ঠিকমতো কার্যকর নয়। আমরা এটাকে এগিয়ে নিতে চেষ্টা করতে পারি। হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। শুধু পোশাকশিল্প দিয়ে তো আর দেশ চলবে না। পোশাকশিল্প দিয়ে দেশ দুই দশক চলেছে। এখন আর চলবে না। কারণ পৃথিবী বদলে যাচ্ছে। ভূরাজনীতির পরিবর্তন হচ্ছে। সুতরাং আমাদের একটু ভিন্নভাবে দেখা উচিত।


আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করেছেন। আমরা আমাদের বিভিন্ন বিষয়ে চীনকে আমন্ত্রণ জানিয়েছি, এটা ঠিক আছে। কারণ চীনের বিশাল মূলধন আছে এবং আমাদের প্রতি তাদের ইচ্ছাও আছে। কিন্তু আমরা তো কোনো রেজাল্ট দেখছি না। যাই করি না কেন, তার পেছনে চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলেই শুধু আলোর মুখ দেখতে পাব। চীন করিডর চেয়েছে মিয়ানমার হয়ে, তাতে সরকারের সায় দেওয়া উচিত। তিস্তা ব্যারাজ প্রকল্পটিতে তাদের আগ্রহ ছিল। কিন্তু আমরা তাদের আগ্রহকে সাধুবাদ জানাতে পারিনি। কারণ আমরা এ প্রকল্পকে নিশ্চল করে রেখেছি। কেন নিশ্চল করেছি? কারণ, ভারত এতে আপত্তি জানিয়েছে। তাহলে লাভটা কী হলো? পুরো প্রকল্পটিই স্থবির হয়ে পড়ে রইল। এভাবে চললে তো আমরা কোনোদিকেই অগ্রসর হতে পারব না। যদি একতরফাভাবে সেই আগের নীতিতেই পড়ে থাকি, তাহলে তো চলবে না। হ্যাঁ, ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকা অবশ্যই দরকার। তাই বলে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নয়। আমরা ভারত প্রশ্নে যাই করি না কেন, তা আমাদের পোষাতে হবে। ভারত আমাদের নদী, আমাদের সড়ক, রেললাইন, বন্দর ব্যবহার করবে, অথচ কোনো মাশুল দেবে না-এটা হতে পারে না। কারণ এগুলো ব্যবহারের তো একটা মূল্য আছে। ভারত সেই মাশুল দিয়েই আমাদের এগুলো ব্যবহার করবে। এতে তো কোনো অসুবিধা আমি দেখি না। বিশ্বের অনেক দেশেই এমনটা আছে। এখন প্রশ্ন হলো, এ মাশুলের ব্যাপার তো আমরা কেউ জানি না। মাশুলের পরিমাণ কী হবে, সেটার ব্যাপারে তো কেউ কিছু বলে না। এজন্য বাংলাদেশকে ভেবেচিন্তে বিচক্ষণতার সঙ্গে খুব দ্রুত এগোতে হবে। তা না হলে দেশের বেশিরভাগ লোক দারিদ্র্যসীমার আরও নিচে চলে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও