বাংলাদেশ-চীন সম্পর্কের নীরব শক্তি জনকূটনীতি
২০২৬ সালের ২৬ জুন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে দুদেশের নেতারা নতুন যুগে বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে যৌথ সিদ্ধান্ত ঘোষণা করেন। পাঁচ দশকেরও বেশি বিকশিত দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এ আনুষ্ঠানিক কূটনৈতিক অর্জনের অন্তরালে রয়েছে আরও একটি শক্তি, যা দীর্ঘদিন দুদেশের সম্পর্ককে গভীর ও সমৃদ্ধ করে চলেছে। সেটি হলো জনকূটনীতি বা অনানুষ্ঠানিক কূটনীতি।
প্রথাগত কূটনীতি পরিচালিত হয় সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, কূটনীতিক ও অনুমোদিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে। অন্যদিকে জনকূটনীতির ভিত্তি হলো মানুষ। শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, গবেষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন, সামরিক সদস্য, সাবেক শিক্ষার্থী ও সাধারণ নাগরিক-যারা দুদেশের মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক, পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব গড়ে তোলেন, তারাই এ কূটনীতির মূল চালিকাশক্তি। জনকূটনীতি রাষ্ট্রীয় কূটনীতির বিকল্প নয়; বরং এটি রাষ্ট্রীয় কূটনীতিকে আরও গভীর, শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার মানবিক ভিত্তি তৈরি করে।
বাংলাদেশ-চীন সম্পর্ক এ ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদাহরণ। দুদেশের সম্পর্কের বিভিন্ন পর্যায়ে সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষাবিনিময়, বাণিজ্যিক যোগাযোগ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। সরকারি বৃত্তি নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে গেছেন, ব্যবসায়ীরা ক্যান্টন ফেয়ারে অংশ নিয়েছেন এবং বিভিন্ন পেশার মানুষ দুদেশের মধ্যে যোগাযোগের নতুন ক্ষেত্র তৈরি করেছেন। এসব উদ্যোগ সম্মিলিতভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের সামাজিক ভিত্তিকে শক্তিশালী করেছে।
প্রায় চার দশকের অভিজ্ঞতায় দেখেছি, চীন সফর শেষে অনেক বাংলাদেশি সে দেশের সমাজ, সংস্কৃতি ও মানুষের প্রতি গভীরতর উপলব্ধি নিয়ে দেশে ফেরেন। তাদের অনেকে পরবর্তী সময়ে চীনা ভাষা শিক্ষা, অনুবাদ, গবেষণা, ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড কিংবা বন্ধুত্বভিত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত হন। একইভাবে বাংলাদেশ সফরকারী চীনা নাগরিকরাও এ দেশের আতিথেয়তা, সমাজ ও মানুষের অভিজ্ঞতা নিজ দেশে নিয়ে যান। এভাবেই একজন শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী কিংবা সাধারণ পর্যটকও দুদেশের বন্ধুত্বের অনানুষ্ঠানিক দূত হয়ে উঠতে পারেন।
জনকূটনীতির সবচেয়ে টেকসই মাধ্যমগুলোর একটি হলো শিক্ষাবিনিময়। একজন শিক্ষার্থী যখন কয়েক বছর চীনে অবস্থান করেন, তখন তিনি শুধু পেশাগত শিক্ষা অর্জন করেন না; একই সঙ্গে একটি ভাষা, সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে পরিচিত হন। দেশে ফিরে তিনি দুই সমাজের মধ্যে বোঝাপড়া ও যোগাযোগের সেতু হিসাবে কাজ করতে পারেন। এ কারণে বাংলাদেশ-চীন অ্যালামনাই সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- ট্যাগ:
- মতামত
- কূটনৈতিক সম্পর্ক
- বাংলাদেশ-চীন