অভিবাসন ঠেকাতে গিয়ে কি ইউরোপ নিজেই বিপদে পড়ছে
যে ইউরোপ দুই বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ওপর সামাজিক নিরাপত্তার স্বপ্ন গড়েছিল, আজ সে সেই স্বপ্নের হিসাব মেলাতে পারছে না। ১৯৪২ সালে ব্রিটিশ অর্থনীতিবিদ উইলিয়াম বেভারিজ অভাব, রোগ, অজ্ঞতা, দুর্দশা আর আলস্যকে সমাজের পাঁচ দানব বলে চিহ্নিত করেছিলেন, আর রাষ্ট্রকে বলেছিলেন নাগরিকের ঢাল হতে।
ওদিকে পুঁজির দাবি অন্য রকম: মুনাফা চাই, শ্রম চাই আর শ্রম হলে সস্তা চাই। এই দুই যুক্তি দীর্ঘদিন এক ছাদের নিচে ঘর করেছে; কিন্তু সংসারটা কখনোই শান্ত ছিল না। আজ ফাটল আর ঢাকা পড়ছে না, আর সে ফাটলের দাম দিতে হচ্ছে সীমান্তের ওপারের মানুষকে।
অস্ট্রো-হাঙ্গেরীয় অর্থনৈতিক ইতিহাসবিদ কার্ল পোলানির ‘দ্বৈত আন্দোলন’ তত্ত্বে এর একটা পরিষ্কার ব্যাখ্যা আছে। বাজার যখন সমাজকে গিলতে শুরু করে, সমাজ নিজেকে বাঁচাতে পাল্টা দেয়াল তোলে। যুদ্ধোত্তর কল্যাণরাষ্ট্র ছিল সেই দেয়ালই।
কিন্তু আশির দশক থেকে মূলধনের অবাধ চলাচল, করের প্রতিযোগিতা আর শ্রমবাজারের ‘নমনীয়তা’ সেই দেয়ালের ইট খসিয়েছে। ২০০৮-এর আর্থিক সংকটের পর সাধারণ মানুষ একটা সরল প্রশ্ন করতে শিখেছে, রাষ্ট্র ব্যাংক বাঁচাতে পারলে নাগরিককে বাঁচায় না কেন? প্রতিষ্ঠিত রাজনীতি এর জবাব দিতে পারেনি। জবাব দিয়েছে অন্যরা।
সেই জবাবের নাম কল্যাণ-জাতীয়তাবাদ। কথাটা সোজা—কল্যাণ থাকুক; কিন্তু শুধু ‘আমাদের’ জন্য। ফ্রান্সের ন্যাশনাল র্যালি, সুইডেন ডেমোক্র্যাটস, জার্মানির এএফডি কিংবা যুক্তরাজ্যের রিফর্ম পার্টির উত্থানকে শুধু বর্ণবিদ্বেষ বলে সারলে অর্ধেক সত্য বলা হয়।
এদের ভোটারদের অনেকেই এক সময় সোশ্যাল ডেমোক্রেসির নিশ্চিত সমর্থক ছিলেন। তাঁদের ক্ষোভের গোড়ায় আছে অর্থ নৈতিক নিরাপত্তাহীনতা, যাকে অভিবাসীবিরোধী ভাষায় সংগঠিত করা হচ্ছে। ক্ষুধার্ত মানুষ রাগের একটা ঠিকানা খোঁজে, আর রাজনীতি সেই ঠিকানা তৈরি করে দেয়।
দর্শনের দিক থেকে ব্যাপারটা নতুন নয়। জার্মান দার্শনিক ফ্রিডরিখ হেগেল১৮২১ সালেই লিখেছিলেন, নাগরিক সমাজ সম্পদ বানায়, আবার একই সঙ্গে এমন এক বঞ্চিত শ্রেণি বানায়, যাকে সে নিজে আত্মস্থ করতে পারে না। তাঁর সমাধান ছিল উপনিবেশ ও বহির্বাণিজ্য, অর্থাৎ ভেতরের দ্বন্দ্বকে বাইরে চালান করে দেওয়া।
আজকের ইউরোপ উল্টো পথে হাঁটছে: দ্বন্দ্বটা ভেতরে, আর তার দায় চাপানো হচ্ছে ভেতরে আসতে চাওয়া মানুষের ঘাড়ে। উপনিবেশের সম্পদে গড়া সমৃদ্ধির উত্তরাধিকারীরা উপনিবেশিতদের বংশধরকে ফিরিয়ে দিচ্ছেন, ইতিহাসের এই পরিহাস এড়িয়ে যাওয়া কঠিন।
জার্মান রাজনৈতিক তাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস নাগরিকত্বের ভিত্তি হিসেবে জাতিসত্তার বদলে সাংবিধানিক মূল্যবোধের কথা বলেছিলেন। মার্কিন রাজনৈতিক দার্শনিক জন রলস ভেবেছিলেন, ‘অজ্ঞতার পর্দা’র আড়ালে আমরা সবাই ন্যায্য বণ্টনে একমত হব। কাগজে চমৎকার। কিন্তু বাস্তবের রাজনীতিতে পর্দা সরে গেলে মানুষ হিসাব কষে কার ভাগে কতটুকু পড়ল। কল্যাণরাষ্ট্র দাঁড়িয়ে থাকে পারস্পরিক আস্থার ওপর, ‘আমরা একই নৌকার যাত্রী’ এই বিশ্বাসের ওপর।
অর্থনীতিবিদ আলবার্তো আলেসিনা ও এডওয়ার্ড গ্লেজারের গবেষণা দেখায়, সমাজ যত বিভক্ত বলে মনে হয়, পুনর্বণ্টনের প্রতি সমর্থন তত ক্ষয়ে যায়। এটা অবশ্য নিয়তি নয়; রাজনৈতিক নেতৃত্ব আর প্রতিষ্ঠানের নকশার ওপর তা অনেকটাই নির্ভর করে।
- ট্যাগ:
- মতামত
- অভিবাসন নীতি