চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১
কপ-৩১-কে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে নির্ধারিত সময়ের চেয়ে বাড়তি ৪৪ ঘণ্টা সময় নেওয়া হয়েছিল। তবু শেষ রক্ষা হয়নি; বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়েই ২২ নভেম্বর পর্দা নেমেছে এই আয়োজনের। সম্মেলনের খসড়া সিদ্ধান্তে সংকট মোকাবিলার কার্যকর কোনো পদক্ষেপ তো ছিলই না, বরং জলবায়ু বিপর্যয়কে আরও উসকে দেওয়ার কূটকৌশলই ছিল স্পষ্ট। কপ-৩১-এ নেতৃত্বদানকারী তুরস্ক চেষ্টা করেছিল‘কভার ডিসিশন’ নামের এক বিতর্কিত খসড়া সবার ঘাড়ে চাপিয়ে দিতে। কিন্তু উন্নত বিশ্বের সেই ছক ভেস্তে গেছে। সৌদি আরব বাদে ইউরোপীয় ইউনিয়ন ও উন্নয়নশীল দেশগুলো কপ প্রেসিডেন্ট মুরাত কুরুমকে সরাসরি ‘না’ বলে দিয়েছে; প্রত্যাখ্যান করেছে প্রহসনের এই‘কভার ডিসিশন’।
কপের ভেন্যু থেকে বের হওয়ার সময় উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিদের চেহারায় ছিল বিষণ্নতার ছাপ। পরিচিত দু-একজনের স্বগতোক্তি শুনতে পেলাম—জলবায়ু সম্মেলন নিয়ে কেন এমন তামাশা, এই বৈশ্বিক তামাশা কবে বন্ধ হবে? অন্যান্য কপেও উন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে তামাশার চিত্র দেখা গেছে, তবে এবারের তামাশার চিত্র ছিল চূড়ান্ত পর্যায়ের।
জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলার জন্য বিজ্ঞানীরা, বিশেষ করে আইপিসিসি যখন সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য বিশ্ব নেতাদের কাছে তাদের প্রস্তাব উপস্থাপন করে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ করার আহ্বান জানিয়েছে, তখন কপ-৩১ থেকে জলবায়ু সংকটকে আরও ভয়াবহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আসুন দেখে নেওয়া যাক, জলবায়ু সম্মেলন কেন ব্যর্থ হলো।
‘কভার ডিসিশন’ বা আন্তালিয়া প্যাক্টে জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে তেল, কয়লা ও গ্যাস ব্যবহার ক্রমান্বয়ে কমিয়ে আনার বিষয়ে প্রথম খসড়াতে উল্লেখ থাকলেও রাশিয়া এবং সৌদি আরবের চাপে পরবর্তী খসড়াতে এর কোনো কিছুই উল্লেখ ছিল না। ফলে প্যারিস চুক্তি অনুসারে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি শতাব্দী শেষে ১.৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার সম্মিলিত সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে না। যা জলবায়ু সংকটকে আরও জটিল করে তুলবে এবং বৈশ্বিক তাপমাত্রার অব্যাহত বৃদ্ধি সমগ্র বিশ্বকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত করবে। কভার ডিসিশন অনুমোদন করা হলে তা তেল উৎপাদনকারী দেশগুলোর তেল উৎপাদন ও সরবরাহের বিষয়টিকে সহজ করে তুলবে। এই কারণে প্রস্তাবিত খসড়াকে ইউরোপীয় ইউনিয়ন, পানামা, মার্শাল আইল্যান্ড, ভানুয়াতু, বেলিজসহ অনেক জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশ সরাসরি নাকচ করে দিয়েছে।
বিজ্ঞানীরা আইপিসিসির প্রতিবেদনের মাধ্যমে ইতোমধ্যে জলবায়ু সংকট থেকে ধরিত্রীকে রক্ষার করণীয় সম্পর্কে বিশ্বকে সতর্ক করে দিয়েছেন। সারা বিশ্ব ইতোমধ্যেই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কুফল ভোগ করছে। যদি তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে জলবায়ু সংকট এমন এক পর্যায়ে পৌঁছে যাবে, যা থেকে পৃথিবীকে হয়তো রক্ষা করা সম্ভব হবে না। জলবায়ু দুর্যোগে মানুষের জীবনযাত্রা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। আমাদের মতো দেশগুলো জলবায়ু সংকটে আরও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু উন্নত দেশগুলো যদি মনে করে জলবায়ু সংকটে তাদের কোনো ক্ষতি হবে না, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। জলবায়ু সংকটে তাদের ক্ষতি হওয়া কেবল সময়ের ব্যাপার।
কপ-৩১ বিফল হওয়ার আরও একটি অন্যতম কারণ হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অর্থায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার না থাকা। সব উন্নয়নশীল দেশ জলবায়ু অর্থায়নের বিষয়ে উন্নত দেশগুলো পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সে বিষয়ে খসড়ায় কোনো উল্লেখ না থাকায় খসড়া প্রস্তাব নাকচ করে দেয়। কারণ জলবায়ু সংকট মোকাবিলায় অভিযোজনের অর্থায়নের পরিমাণ তিন গুণ বৃদ্ধি করা এবং ২০৩৫ সাল পর্যন্ত অর্থায়নের পরিমাণ ১২০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করার বিষয়ে পূর্বে আলোচনা হলেও এই খসড়াতে সুনির্দিষ্টভাবে তার কোনো উল্লেখ ছিল না। যা উন্নয়নশীল দেশগুলোকে চরমভাবে হতাশ করেছে।
- ট্যাগ:
- মতামত
- কপ সম্মেলন