কেউ নজর রাখেন পদচারী–সেতুতে, কেউ হাত দেন ব্যাগে—মিরপুরে যেভাবে চলে পকেটমারি ও ছিনতাই
ব্যস্ত সড়ক পার হতে গিয়ে পথচারীদের ভিড়ে আটকে পড়লেন এক নারী। ঠিক পেছনেই এক যুবক। সুযোগ বুঝে নারীর ব্যাগে হাত বাড়ালেন তিনি। কিন্তু কিছু নিতে পারলেন না। এরপর কাউকে ইশারা করে সরে গেলেন। মিনিট পনেরো পর ফিরলেন আরও তিন যুবককে নিয়ে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বরে এমন দৃশ্য দেখা যায়। প্রথম আলোর প্রতিবেদক সেখানে উপস্থিত ছিলেন।
ওই নারী মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের দিকে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিলেন। একমুখী সড়কটি পেরিয়ে মাঝের বিভাজকে পৌঁছালে পথচারীদের ভিড়ে আটকে পড়েন। এ সময় পিছু নেওয়া যুবক তাঁর ব্যাগে হাত দেওয়ার চেষ্টা করেন। কিন্তু যানবাহন থামতেই অন্য পথচারীদের সঙ্গে ওই নারী হাঁটতে শুরু করেন। ফলে ব্যাগের ভেতরে হাত ঢোকাতে পারেননি যুবক।
এর ১০ থেকে ১৫ মিনিট পর তাঁকে আরও তিন যুবকের সঙ্গে একই জায়গায় দেখা যায়। মুহূর্তের মধ্যে তাঁরা চারদিকে ছড়িয়ে পড়েন। একের পর এক ব্যক্তিকে লক্ষ্যবস্তু বানিয়ে পকেট ও ব্যাগে হাত দিয়ে মূল্যবান সামগ্রী নিতে থাকেন। কখনো আবার একসঙ্গে জড়ো হয়ে কাউকে ঘিরে ধরেন।
মিরপুর-১ নম্বর গোলচত্বরে এভাবে প্রকাশ্যে পকেটমারি ও ছিনতাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তা উঠে এসেছে স্থানীয় ব্যবসায়ী, হকার ও বাসিন্দাদের কথায়। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ কয়েকটি চক্র এখানে সক্রিয়। ব্যস্ত সড়কে চলাচলকারী নারীরাই তাদের প্রধান লক্ষ্যবস্তু। সুযোগ বুঝে ব্যাগ থেকে মুঠোফোন, টাকা ও মূল্যবান জিনিস হাতিয়ে নেয় তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ছিনতাই চক্র
- পকেটমার