রোহিঙ্গাদের নিয়ে রায় বাস্তবায়ন করবে কে
মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে ১৯ নভেম্বর যে রায় দিয়েছেন, সেটা তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে মিডিয়ায় হেডলাইন হয়েছে। কয়েক বছরের আইনগত যুদ্ধ শেষে পাওয়া এই রায় বহুভাবে বহু পক্ষের জন্য তাৎপর্যপূর্ণও বটে। যদিও এর আইনগত বাস্তবায়ন প্রক্রিয়া অস্পষ্টই থাকছে।
রোহিঙ্গা জেনোসাইডের জন্য মিয়ানমার দায়ী—আইসিজের এ রকম রায় রোহিঙ্গাদের জন্য বিশাল এক নৈতিক বিজয়। এতে তাদের প্রতি বৈশ্বিক সহানুভূতি বাড়বে। তারা যে মিয়ানমারে ভালো অবস্থায় ছিল না এবং এখনো জনসংখ্যার বাকি অংশ হুমকির মুখে আছে, সেটা সমর্থিত হলো আইসিজের রায়ে।
রায়ের ভাষাও মিয়ানমারের নাগরিক হিসেবে রোহিঙ্গাদের অধিকারের পক্ষে বেশ বড় সনদ হয়ে উঠবে। এই রায় মিয়ানমারে ফেরার দাবিকেও শক্তি জোগাল। এ ছাড়া এই রায় তাদের প্রতি যে বিশ্ব মনোযোগ ও সহানুভূতি তৈরি করছে, তাতে আশ্রয়শিবিরমুখী সাহায্য-সহযোগিতাও বাড়তে পারে। বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বহিষ্কারের তোড়জোড়ও এতে কমবে। উল্টো তাদের আশ্রয় দেওয়ার আগ্রহও বাড়তে পারে।
আইসিজের রায় রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের অবস্থানও সবল করল। গণহত্যার মুখে থাকা একটা জনগোষ্ঠীকে বাংলাদেশ যে আশ্রয় দিয়েছে, সেটার পক্ষে এই রায় বড় ধরনের ন্যায্যতা তৈরি করছে। ভবিষ্যতে তাদের ভরণপোষণে আন্তর্জাতিক সহযোগিতা বাড়তে পারে এতে, যা বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় হবে। নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য বড় বিষয়—রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে দর-কষাকষিতে তার অবস্থান শক্তিশালী হলো এতে। রায়–পরবর্তী এ–ও এক বাস্তবতা, বাংলাদেশ কোনো অবস্থায় রোহিঙ্গাদের জোর করে আর রাখাইনে ফেরত পাঠাতে পারবে না। ঢাকার সরকার অবশ্য সে রকম চায়ওনি কখনো।
এই রায়ের পর সবার চোখ থাকবে মিয়ানমারের সরকার ও সশস্ত্র বাহিনীর দিকে। তারা এই রায় দীর্ঘ মেয়াদে কীভাবে গ্রহণ করে, সেটার ওপর নির্ভর করছে প্রত্যাবর্তন ও পুনর্বাসনের বিষয়। এখনো তাদের মাঝে এই রায়কে অগ্রাহ্য করারই ভঙ্গি দেখা যাচ্ছে। মিয়ানমার সরকারের একজন মুখপাত্র টেলিগ্রাম চ্যানেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই রায় নিয়ে ‘চিন্তা করার কিছু নেই’ বলে মন্তব্য করেছেন।
তবে নিশ্চিতভাবে জেনারেল মিন অং হ্লাইংয়ের ওপর এই রায় কূটনৈতিক আঘাত। চীন এ রকম এক জান্তাকে আগের মতো স্বাচ্ছন্দ্যে সফরে আমন্ত্রণ জানানো বা সহযোগিতা করবে কি না, সেটা প্রশ্নসাপেক্ষ। এ ছাড়া আসিয়ান জোটে জেনারেল মিন সরকারের প্রতিনিধিত্ব নিয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার দিক থেকে প্রশ্ন উঠবে বলেই মনে হয়। এই দুই দেশকে রোহিঙ্গাদের বিষয়ে সহানুভূতিশীল মনে করা হয়। গণহত্যার দায়ে অভিযুক্ত একটা সরকারের সঙ্গে ব্যবসা-বাণিজ্যও অনেক দেশের জন্য সমস্যাপূর্ণ হতে পারে।
সব মিলে আসিয়ানকে রোহিঙ্গা ইস্যুতে এত দিনকার উদাসীন ভঙ্গি বদলাতে হবে এবং জেনালের মিন অং হ্লাইংকে জোটের বৈঠকে রাখা তাদের জন্য স্পর্শকাতর হয়ে উঠবে।
মিয়ানমারের গণতন্ত্রপন্থীদের জন্যও এই রায় উদ্দীপনামূলক। যদিও রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা অং সান সু চির শাসনামলে হয়েছিল; কিন্তু জান্তাবিরোধীরা ইতিমধ্যে নিপীড়িত এই জনগোষ্ঠীকে নিয়ে তাদের অবস্থান বদল করেছে। রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতির বিষয়ে তাদের প্রতিশ্রুতি রয়েছে। এ ছাড়া সাধারণভাবে গণতন্ত্র হরণকারী সামরিক বাহিনী ‘গণহত্যাকারী’ হিসেবে চিহ্নিত হওয়ায়ও দেশটির মানবাধিকার–সংগ্রামীদের অবস্থানকে স্বয়ংক্রিয়ভাবে বাড়তি ন্যায্যতা দিয়েছে গতকাল।