আশি কোটি কর্মসংস্থানের ঘাটতি পূরণ করবে কে
সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় বক্তব্য প্রদানকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা গুরুত্বপূর্ণ একটি তথ্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, আগামী এক থেকে দেড় দশকের মধ্যে বিশ্বে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতি দেখা দিতে পারে। এ সময় বিশ্ব শ্রমবাজারে ১২০ কোটি তরুণ-তরুণীর প্রবেশ ঘটবে। অথচ একই সময়ে বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ পাবে মাত্র ৪০ কোটি চাকরিপ্রার্থী। অবশিষ্ট ৮০ কোটি চাকরিপ্রার্থী মানসম্মত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হবে। আগামীতে বিশ্ব অর্থনীতিতে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। তিনি বলেন, চাকরি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি মানুষের মর্যাদার সঙ্গে সম্পর্কিত। উন্নয়নশীল দেশগুলোয় ব্যাপক পরিসরে সবার জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করা এখন সবচেয়ে বড় সমস্যা। উন্নত দেশগুলো তাদের জনশক্তির জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলেও উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো এক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। তিনি আরও বলেন, সংঘাত, সরকারের আর্থিক ক্ষমতা সংকুচিত হওয়া, ঋণের বোঝা বৃদ্ধি, জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির মতো সমস্যা নিয়ে বিশ্ব অর্থনীতি এখন এগিয়ে চলেছে। এমন পরিস্থিতিতে সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার করতে হবে এবং যেভাবেই হোক উন্নয়নশীল দেশগুলোকে ব্যাপকভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নিতে হবে। অবকাঠামোগত উন্নয়নের পরিবর্তে প্রোডাক্টিভ প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়াতে হবে, যাতে শ্রমবাজারে আগত কর্মসংস্থানপ্রার্থীদের চাহিদা মেটানো সম্ভব হয়।
অর্থনীতিবিদরা মনে করেন, আগামীতে যেসব দেশ চতুর্থ শিল্পবিপ্লবের পরিবর্তনশীল ধারাকে তাদের উন্নয়নের স্বার্থে ব্যবহার করতে পারবে, কর্মসংস্থানের ক্ষেত্রে তারাই সফল হবে। বিশ্বব্যাপী চতুর্থ শিল্পবিপ্লব শুরু হয়ে গেছে; কিন্তু উন্নয়নশীল দেশগুলোর মধ্যে চতুর্থ শিল্পবিপ্লবের সুফল ব্যবহারের ক্ষেত্রে তেমন কোনো উপলব্ধি নেই। অথচ আগামীতে বিশ্বব্যাপী চতুর্থ শিল্পবিপ্লবের ব্যাপক প্রসার ঘটবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের প্রচলিত ধারাকে সম্পূর্ণ বদলে দেবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল ব্যবহারে যেসব দেশ ব্যর্থ হবে, তারা উন্নয়নের প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। চতুর্থ শিল্পবিপ্লব হচ্ছে একটি সামগ্রিক রূপান্তর, আর কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে সেই রূপান্তরের মূল চালিকাশক্তি। অতীতে কম্পিউটার শুধু মানুষের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করত; কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মেশিন নিজেই শিখতে পারে, পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। কোন সিদ্ধান্ত একটি প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হবে, কোন সিদ্ধান্ত ক্ষতিকর হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা সেই নির্দেশনা দিতে পারে। কাজেই আগামীতে যারা চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারবে, তারাই উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ৪০ অনূর্ধ্ব বয়সি বিলিয়নিয়ারদের মধ্যে প্রতি দশজনের সাতজনই কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সঙ্গে সম্পৃক্ত। এক্ষেত্রে সহজেই অনুধাবন করা যায়, চতুর্থ শিল্পবিপ্লব তথা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে তারা কতটা এগিয়ে আছে।
এক সময় অর্থনীতিবিদরা মনে করতেন, একমাত্র কৃষির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপের মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে আরোহণ করতে পারে। তখন মনে করা হতো, উৎপাদন ব্যবস্থায় একজন কর্মীর হাতই সবচেয়ে মূল্যবান বা গুরুত্বপূর্ণ। কর্মীর হাত ছাড়া কোনো উৎপাদনকার্য সম্পাদিত হতে পারে না। ১৭৬০ থেকে ১৮৪০ সালের মধ্যে প্রথম শিল্পবিপ্লব সাধিত হয়। এ সময় বাষ্পীয় ইঞ্জিন এবং যন্ত্রভিত্তিক উৎপাদন ব্যবস্থা শুরু হয়। মানুষের পুরোনো ধারণা একেবারে বদলে যায়। এ সময় বাষ্পচালিত ইঞ্জিন এবং টেক্সটাইল শিল্পের ব্যাপক প্রসার ঘটে। ট্রেন ও জাহাজের গতি বাড়ানোর জন্য বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার শুরু হয়। ফলে যারা কায়িক পরিশ্রম করত, তাদের অনেকেই কর্মচ্যুত হয়। দ্বিতীয় শিল্পবিপ্লব শুরু হয় ১৮৭০ সালে এবং তা স্থায়ী হয় ১৯১৪ সাল পর্যন্ত। দ্বিতীয় শিল্পবিপ্লবের মূল উপকরণ ছিল বিদ্যুতের আবিষ্কার। বিদ্যুতের বাণিজ্যিক ব্যবহার শুরু হয়। ফলে কারখানাগুলোতে ২৪ ঘণ্টা কাজ করার পরিবেশ সৃষ্টি হয়। হেনরি ফোর্ডের বিখ্যাত অ্যাসেম্বলি লাইন পদ্ধতির মাধ্যমে কম খরচে প্রচুর পণ্য উৎপাদন সম্ভব হয়। তৃতীয় শিল্পবিপ্লব, যাকে ডিজিটাল বিপ্লবও বলা হয়, শুরু হয় ১৯৬০-এর দশক থেকে। এর প্রধান চালিকাশক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। এ প্রযুক্তি মানুষের পরিশ্রমকে নিরাময় করেছে। কাজের গতি বাড়িয়েছে। কম্পিউটার প্রযুক্তি আসার পর প্রাথমিকভাবে অনেকেই চাকরিচ্যুত হয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে কম্পিউটার জ্ঞান আহরণের মাধ্যমে কর্মপ্রত্যাশীরা তাদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিয়েছে। বর্তমানে যে কোনো চাকরির এন্ট্রি লেভেলে কম্পিউটার জ্ঞানকে বিশেষ যোগ্যতা হিসাবে গুরুত্ব দেওয়া হয়। অবস্থা এমন হয়েছে যে, এখন কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে নিশ্চিতভাবেই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হয়।
চতুর্থ শিল্পবিপ্লব ২০১০ সাল থেকে শুরু হয়ে এখনো চলমান। চতুর্থ শিল্পবিপ্লব তথা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তাজগৎকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। অনেকে এমনও ভাবতে শুরু করেছে যে, এ প্রযুক্তি কি মানুষের বিকল্প হয়ে দাঁড়াবে? কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প উৎপাদনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। কোনো মেশিনে সমস্যা দেখা দিলে কৃত্রিম বুদ্ধিমত্তা আগে থেকেই তা শনাক্ত করতে পারে। ফলে হঠাৎ মেশিন বন্ধ হয়ে উৎপাদন ব্যবস্থাকে বিকল করে দেওয়ার আশঙ্কা কমেছে। খালি চোখে মানুষ যেসব ভুল করতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তা তা সহজেই ধরিয়ে দিতে পারে। মানুষের মতো কাজ করার জন্য রোবটকে ব্যবহার করা হচ্ছে। মানুষের জটিল রোগ নির্ণয় এবং কোন জমিতে কখন কী ফসল বপন করতে হবে, এসব বিষয়ে এআই নির্ভুল তথ্য দিচ্ছে। অনেকে আশঙ্কা করছেন, উৎপাদন ও মেধাগত কাজে আগামীতে এআই প্রযুক্তি সম্ভবত মানুষের বিকল্প হয়ে উঠবে। ফলে পৃথিবীর সর্বত্রই বিপুলসংখ্যক মানুষ কর্মচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আগামী এক থেকে দেড় দশকের মধ্যে বিশ্বে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির যে তথ্য দিয়েছেন, তা দু’ভাবে বিশ্লেষণ করা যেতে পারে। তার বক্তব্য মোতাবেক, আগামী দেড় দশকে শ্রমবাজারে প্রবেশকারী ১২০ কোটি তরুণের মধ্যে যে ৮০ কোটি চাকরিপ্রার্থী কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হবে, তারা কারা? কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি চাকরির পদ শূন্য না থাকা? নাকি চাকরির শূন্যপদে নিজেকে পদায়ন করার মতো যোগ্য হিসাবে প্রমাণ করতে না পারা?
- ট্যাগ:
- মতামত
- কর্মসংস্থান সৃষ্টি
- শিল্প বিপ্লব