বাংলাদেশের শিশুরা কেমন ভবিষ্যৎ পাচ্ছে?

জাগো নিউজ ২৪ ড. হারুন রশীদ প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১৬:২৪

একটি শিশুর হাতে যদি বই থাকার কথা থাকে, অথচ সেখানে ইটভাটার ধুলো লেগে থাকে; স্কুলে যাওয়ার কথা থাকলেও যদি সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো দোকান, কারখানা কিংবা ওয়ার্কশপে কাজ করে; পুষ্টিকর খাবারের বদলে যদি তার পাতে প্রতিদিন সীমিত কয়েকটি খাবারই জোটে—তাহলে আমরা তাকে শুধু ‘শিশু’ বলে ডাকতে পারি, কিন্তু তার জন্য কেমন ভবিষ্যৎ তৈরি করছি, সেই প্রশ্নটি এড়িয়ে যেতে পারি না।


২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস। দিনটি ক্যালেন্ডারের আর দশটি দিবসের মতো আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। কারণ শিশুরাই একটি দেশের ভবিষ্যৎ—এই বহুল উচ্চারিত কথাটির সঙ্গে আমরা যতটা পরিচিত, তার বাস্তব অর্থের সঙ্গে ততটা পরিচিত নই। ভবিষ্যৎকে ভালো করতে হলে ভবিষ্যৎ প্রজন্মের শৈশবকে নিরাপদ করতে হয়। শিশুকে শুধু বিদ্যালয়ে ভর্তি করানো নয়, তাকে শেখার সুযোগ দিতে হয়; শুধু খাবার দেওয়া নয়, পুষ্টি নিশ্চিত করতে হয়; শুধু আইন করা নয়, তাকে সহিংসতা ও শোষণ থেকে রক্ষা করতে হয়।


বাংলাদেশে গত কয়েক দশকে শিশুদের জন্য অনেক অগ্রগতি হয়েছে। প্রাথমিক শিক্ষায় ভর্তি বেড়েছে, শিশুমৃত্যু কমেছে, খর্বতার হার কমেছে, টিকাদান কর্মসূচির বিস্তার ঘটেছে। কিন্তু উন্নয়নের এই ছবির পাশে আরেকটি কঠিন ছবি দাঁড়িয়ে আছে। বাংলাদেশের প্রথম জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী, দেশের ২৮ দশমিক ৯ শতাংশ শিশু বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বাস করে। অর্থাৎ শুধু পরিবারের আয় কম—এমন নয়; একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাসস্থান ও প্রয়োজনীয় সেবার একাধিক ঘাটতি তাদের জীবনকে সংকুচিত করে। শিশুদের বহুমাত্রিক দারিদ্র্যের হার প্রাপ্তবয়স্কদের তুলনায়ও বেশি।


এই পরিসংখ্যান আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্যের সামনে দাঁড় করায়—শিশু দারিদ্র্য মানে শুধু ক্ষুধা নয়। একটি শিশু হয়তো প্রতিদিন দুবেলা খাবার পাচ্ছে, কিন্তু ভালো স্কুলে যেতে পারছে না; স্কুলে যাচ্ছে, কিন্তু কিছু শিখছে না; বই আছে, কিন্তু পড়ার পরিবেশ নেই; পরিবারের আয় সামান্য কমলেই তাকে কাজে নামতে হচ্ছে। দারিদ্র্য তখন একটি অর্থনৈতিক অবস্থা থেকে জীবনের বহুমাত্রিক সংকটে পরিণত হয়।


শিশুর ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ শিক্ষা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন ভর্তির কাছাকাছি পৌঁছেছে। কিন্তু বিদ্যালয়ে প্রবেশ আর সত্যিকার অর্থে শিক্ষা অর্জন এক বিষয় নয়। ইউনিসেফের তথ্য বলছে, ২০২৩ সাল নাগাদ প্রাথমিক বিদ্যালয়ে বয়সী শিশুদের প্রায় ৯৭ শতাংশ বিদ্যালয়ে ভর্তি হলেও ৭ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৫১ শতাংশ একটি সাধারণ অনুচ্ছেদও পড়তে পারে না। অর্থাৎ আমাদের বড় সমস্যা এখন শুধু স্কুলে আনা নয়, স্কুলে এনে শেখানো।


এখানেই ‘শিখন দারিদ্র্য’ শব্দটি বিশেষ গুরুত্ব পায়। একটি শিশু বছরের পর বছর স্কুলে গিয়ে যদি পড়তে না পারে, মৌলিক হিসাব করতে না পারে, নিজের ভাবনা প্রকাশ করতে না পারে, তাহলে তার হাতে সনদ তুলে দেওয়া হলেও ভবিষ্যতের শ্রমবাজারে সে কতটা সক্ষম হবে, সেই প্রশ্ন থেকেই যায়।


আরও উদ্বেগের বিষয় হলো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার ধারাবাহিকতা কমে যায়। বর্তমানে প্রাথমিক স্তরের পর শিক্ষার পথ অনেক শিশুর জন্য ক্রমেই সংকীর্ণ হয়ে আসে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মাত্র ৬৪ শতাংশ শিশু মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে পারে। দরিদ্র পরিবার, প্রতিবন্ধী শিশু এবং দুর্যোগপ্রবণ এলাকার শিশুরা ঝরে পড়ার বেশি ঝুঁকিতে থাকে।


শিশুশ্রম এই ব্যর্থতার সবচেয়ে দৃশ্যমান চিহ্নগুলোর একটি। শিশুর হাতে বই থাকার বয়সে হাতে যদি কাজের সরঞ্জাম উঠে আসে, তাহলে শুধু একটি শিশুর শৈশবই হারায় না; একটি দেশের মানবসম্পদের ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও