স্যানিটেশন সংকট: উন্নয়নের আড়ালে অস্বস্তিকর বাস্তবতা
টয়লেট আসলে একটি সমাজের আয়না। সেই আয়নায় শুধু পরিচ্ছন্নতা নয়, রাষ্ট্রের অগ্রাধিকার, নগর ব্যবস্থাপনার দক্ষতা, জনস্বাস্থ্যের প্রতি দায়বদ্ধতা, নারী ও শিশুর নিরাপত্তা এবং মানুষের মর্যাদার প্রতিচ্ছবিও দেখা যায়। তাই টয়লেটের দরজা খুলে যদি দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ, পানি-স্বল্পতা কিংবা নিরাপত্তাহীনতা দেখা যায়, তাহলে বুঝতে হবে উন্নয়নের গল্পটি এখনো অসম্পূর্ণ।
১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। নামটি শুনলে হয়তো অনেকেরই মনে হতে পারে—এমন একটি বিষয় নিয়ে আবার দিবস পালনের কী আছে! কিন্তু সভ্যতার ইতিহাসের দিকে তাকালে বোঝা যায়, একটি সমাজ কতটা উন্নত, তা তার উঁচু ভবন, প্রশস্ত সড়ক কিংবা ঝলমলে বিপণিবিতান দিয়ে যতটা বোঝা যায়, তার চেয়ে অনেক বেশি বোঝা যায় মানুষের জন্য তার টয়লেট, পানি ও স্যানিটেশন ব্যবস্থা কেমন—তা দেখে।
বাংলাদেশ গত কয়েক দশকে স্যানিটেশনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। খোলা জায়গায় মলত্যাগ প্রায় নির্মূলের পর্যায়ে এসেছে। বাংলাদেশে বর্তমানে ৯১ দশমিক ৭ শতাংশ মানুষ উন্নত স্যানিটেশন সুবিধা ব্যবহার করে—২০২৫ সালের বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের তথ্য এমনই বলছে। কিন্তু উন্নত টয়লেট আর নিরাপদ স্যানিটেশন এক কথা নয়। এই পার্থক্যটিই এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
একটি পরিবারে টয়লেট আছে। কিন্তু সেটি যদি ভাঙা হয়, নিয়মিত পরিষ্কার না করা হয়, পর্যাপ্ত পানি না থাকে, মলমূত্র নিরাপদে অপসারণ না হয় কিংবা বন্যার পানিতে উপচে পড়ে—তাহলে কাগজে-কলমে সেই পরিবার স্যানিটেশন সুবিধা পেলেও বাস্তবে তারা নিরাপদ স্যানিটেশন পায়নি। ইউনিসেফের সাম্প্রতিক মূল্যায়নেও বলা হয়েছে, বাংলাদেশে উন্নত স্যানিটেশন সুবিধার বিস্তার ঘটলেও মানববর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশদূষণ রোধে এখনো বড় ঘাটতি রয়েছে।
ঢাকার দিকে তাকালেই সমস্যাটির ভয়াবহতা বোঝা যায়। ২০২৫ সালে ইউনিসেফ ও ওয়াটারএইড জানিয়েছিল, প্রতিদিন আনুমানিক ২৩০ টন মলবর্জ্য ঢাকার উন্মুক্ত জলাশয়ে গিয়ে পড়ে। একই সময়ে দেশের ৬ কোটি ৫০ লাখের বেশি মানুষ নিরাপদভাবে ব্যবস্থাপিত স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত ছিল বলে তারা উল্লেখ করে।
অর্থাৎ শহরের চকচকে রাস্তার নিচে আরেকটি অদৃশ্য নগর আছে—যেখানে বর্জ্য কোথায় যাচ্ছে, কে তা পরিষ্কার করছে, কীভাবে তা নিষ্কাশন হচ্ছে, এসব প্রশ্নের উত্তর অনেক সময় নেই। আমাদের উন্নয়ন-আলোচনায় সড়ক, সেতু, মেট্রোরেল কিংবা উড়ালসড়ক যতটা দৃশ্যমান, পয়োনিষ্কাশন ব্যবস্থার অদৃশ্য অবকাঠামো ততটাই উপেক্ষিত।
নগর দরিদ্রদের জন্য এই সংকট আরও নির্মম। বস্তি কিংবা নিম্নআয়ের ঘনবসতিপূর্ণ এলাকায় একটি টয়লেট অনেক সময় বহু পরিবারের জন্য ভাগাভাগি করে ব্যবহার করতে হয়। সেখানে পানি নেই, আলো নেই, পর্যাপ্ত পরিচ্ছন্নতা নেই; কখনো নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থাও থাকে না। ফলে একটি টয়লেট কেবল স্বাস্থ্যঝুঁকির উৎস নয়, নারীর নিরাপত্তা ও মর্যাদারও প্রশ্ন হয়ে দাঁড়ায়।
- ট্যাগ:
- মতামত
- বিশ্ব টয়লেট দিবস