You have reached your daily news limit

Please log in to continue


আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগ

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন–পীড়নের ঘটনায় মিয়ানমারকে গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। সাত বছর ধরে বিচারকাজ শেষে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গতকাল বৃহস্পতিবার ঘোষিত রায়ে এ কথা বলেছেন।

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতের সভাপতি বিচারক ইওয়াসাওয়া ইয়ুজি বলেছেন, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।

গণহত্যার লক্ষ্য নিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যে এসব কাজ করেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেছেন ইওয়াসাওয়া ইয়ুজি। তিনি বলেন, ২০১৭ সালে ওই অভিযান ঘিরে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার বিষয়ে মিয়ানমারের অভিপ্রায় গড়ে ওঠার ভিত্তিও তৈরি করেছিল।

আন্তর্জাতিক বিচার আদালতের এই বিচারক বলেন, আদালতের কাছে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নিলে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া যায় যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জাতিগত নিধনের লক্ষ্য নিয়ে কাজ করেছে।

২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সীমান্তবর্তী আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক দমন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাদের নিষ্ঠুরতার মুখে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা। এখনো তারা বাংলাদেশের কক্সবাজার ও নোয়াখালীর ভাসানটেকে শরণার্থীশিবিরে আশ্রয় নিয়ে আছে।

রোহিঙ্গাদের ওপর চালানো এই হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা (জেনোসাইড) সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আইসিজেতে এই মামলা করেছিল গাম্বিয়া। সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর রায় ঘোষণা করলেন আইসিজের বিচারকেরা। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করা হয়েছিল। একই সঙ্গে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগও আনা হয় দেশটির বিরুদ্ধে।

আইসিজের রায়ের প্রধান দিকগুলো

আইসিজে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে একটি জাতিগত ও ধর্মীয় গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের ধ্বংস করার বিষয়ে মিয়ানমারের কর্তৃপক্ষের, বিশেষ করে দেশটির সামরিক বাহিনীর মধ্যে সুস্পষ্টভাবে এই অভিপ্রায় ছিল।

রায়ে বলা হয়েছে, হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করার মতো সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছিল অপরাধীরা। কয়েক দশক ধরে রোহিঙ্গাদের এমন জীবনযাপনের পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল, যার পরিণতি ছিল এই জনগোষ্ঠীর শারীরিক ধ্বংস। এ প্রক্রিয়ায় রাখাইনসহ পুরো মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠী রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে প্রান্তিক হয়ে পড়েছিল।

মিয়ানমারের সেনাবাহিনী, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মকর্তাদের গণহত্যার ষড়যন্ত্র এবং গণহত্যার পর্যায়ের নৃশংস অপরাধ সংঘটনের জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বেসামরিক সরকারের কর্মকর্তারাও এই গণহত্যায় সহযোগিতা করেছেন বলে আইসিজে সিদ্ধান্ত দিয়েছেন। অং সান সু চির নেতৃত্বাধীন তৎকালীন বেসামরিক সরকারও গণহত্যা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি, যদিও এ বিষয়ে তারা অবগত ছিলেন। বরং ২০১৬-১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা উচ্ছেদ অভিযানের পক্ষে সাফাই গেয়েছিল সু চির এনএলডি সরকার।

রোহিঙ্গাদের ওপর নির্বিচার বলপ্রয়োগ ও সহিংসতার ঘটনাকেও তারা গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা করে। এমনকি সু চি নিজে নেদারল্যান্ডসের হেগে গিয়ে অপরাধীদের পক্ষে সাফাই দিয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন