নতুন বিশ্বযুদ্ধ কড়া নাড়ছে
গত দশক থেকে যুদ্ধকে অনিবার্য বলে মেনে নেওয়া শুরু হয়েছে। ইউক্রেন থেকে শুরু করে লেবানন ও ইরান পর্যন্ত আগ্রাসী যুদ্ধ ক্রমে বেড়ে চলেছে। সরকারগুলো ক্রমেই যুদ্ধের জন্য বাজেট বরাদ্দ রাখা এবং প্রস্তুতি নেওয়া জরুরি বলে মনে করছে।
যুদ্ধকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়ার চেয়ে বিপজ্জনক আর কিছুই হতে পারে না। এটি মানব–ইতিহাসের দীর্ঘ সময় ধরে চলে আসা সেই পুরোনো নিয়মে ফিরে যাওয়ারই নামান্তর, যখন যুদ্ধই ছিল আন্তর্জাতিক ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক নীতি।
তবু বিশ শতকের প্রথমার্ধে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক ধ্বংসযজ্ঞ সেই পুরোনো ব্যবস্থাকে অগ্রহণযোগ্য করে তুলেছিল। যুদ্ধকে রাষ্ট্র পরিচালনার একটি বৈধ হাতিয়ারের বদলে একটি বেআইনি কর্মকাণ্ডে পরিণত করার লক্ষ্যে দেশগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। এরপর যুদ্ধ শেষ হয়ে যায়নি ঠিকই, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাত।
তবে সম্প্রতি সরকারগুলোর এই অঙ্গীকার দুর্বল হয়ে পড়েছে। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের প্রতিবাদে শত শত শহরের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে এসেছিল, তবু যুদ্ধ থামেনি। মিথ্যা অজুহাতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো সেই যুদ্ধ ইরাকে ধ্বংস ডেকে এনেছিল, আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়িয়েছিল এবং পশ্চিমা দেশগুলোর প্রতি ক্ষোভ ও সন্ত্রাসবাদকে উসকে দিয়েছিল।
সেই সংঘাত ছিল একটি বড় বাঁকবদল।
এই পথের শেষ প্রান্তে অপেক্ষা করছে আরেকটি বিশ্বযুদ্ধ—সেই মহাবিপর্যয়, যা প্রতিরোধ করার জন্যই বিশ শতকের বিশ্বব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।
এই মুহূর্তে আমার নিজের দেশ স্পেনসহ প্রতিটি দেশের দায়িত্ব হলো এমন সরাসরি পদক্ষেপ নেওয়া, যা যুদ্ধ বাধানোর সক্ষমতাকে সীমিত করতে পারে।
এই প্রকল্পের সাফল্য নির্ভর করবে এক বিস্তৃত বহুপক্ষীয়তাবাদের ওপর, যাকে আমি বলি ‘ম্যাক্সিল্যাটারালিজম’ (সর্বব্যাপী বহুপক্ষীয়তা)। অর্থাৎ ছোট ও সাময়িক জোটের মধ্যে সীমাবদ্ধ না থেকে যত বেশি সম্ভব দেশকে সঙ্গে নিয়ে সহযোগিতা গড়ে তোলা। এর লক্ষ্য হলো যুদ্ধকে ক্রমে অবাস্তব, এমনকি অকল্পনীয় করে তোলা।
- ট্যাগ:
- মতামত
- নতুন
- বিশ্বযুদ্ধ