‘ক্যানসার কি সত্যিই একদিন পরাজিত হবে?’

জাগো নিউজ ২৪ ড. হারুন রশীদ প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৯

ক্যানসার শব্দটির সঙ্গে আমার পরিচয় শুধু সংবাদপত্রের পাতা, হাসপাতালের করিডোর কিংবা চিকিৎসাবিজ্ঞানের গবেষণাপত্রের মধ্য দিয়ে নয়। এই রোগের নির্মমতা আমি খুব কাছ থেকে দেখেছি। ক্যানসারের কাছে আমি হারিয়েছি আমার প্রিয়তম মানুষটিকে—আমার স্ত্রীকে। তাই ক্যানসার নিয়ে যখন নতুন কোনো ওষুধ, টিকা কিংবা চিকিৎসাপদ্ধতি আবিষ্কারের খবর পড়ি, তখন সেটি আমার কাছে নিছক বৈজ্ঞানিক অগ্রগতির সংবাদ থাকে না। মনে হয়, এমন চিকিৎসা যদি আরও আগে আসত! যদি আরেকটু সময় পাওয়া যেত! যদি অসংখ্য পরিবারের মতো আমার পরিবারকেও এই শোকের মধ্য দিয়ে যেতে না হতো!


ক্যানসার কেবল একটি রোগ নয়; এটি একটি পরিবারের দীর্ঘ অনিশ্চয়তা, অসহায় অপেক্ষা, অর্থনৈতিক বিপর্যয় ও মানসিক যন্ত্রণার নাম। রোগীর সঙ্গে সঙ্গে পরিবারের প্রতিটি মানুষের জীবন বদলে যায়। হাসপাতালের বারান্দায় রাত কাটানো, পরীক্ষার ফলের অপেক্ষা, চিকিৎসকের মুখের দিকে তাকিয়ে থাকা, চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে সঞ্চয় শেষ হয়ে যাওয়া—সব মিলিয়ে ক্যানসার যেন একটি গোটা পরিবারকে অসুস্থ করে তোলে।


বাংলাদেশে ক্যানসারের বিস্তারও উদ্বেগজনক। আন্তর্জাতিক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসারবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আইএআরসির গ্লোবোক্যান ২০২২-এর হিসাব অনুযায়ী, সে বছর বাংলাদেশে নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন। ক্যানসারে মারা যান ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জন। আর পাঁচ বছরের হিসাবে ক্যানসার শনাক্ত হওয়ার পর জীবিত ছিলেন এমন মানুষের সংখ্যা ছিল ৩ লাখ ৪৬ হাজারের বেশি।


আরও সাম্প্রতিক একটি হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে নতুন ক্যানসার রোগীর সংখ্যা আনুমানিক ১ লাখ ৮৭ হাজার ২৬৩ এবং ক্যানসারে মৃত্যু ১ লাখ ৩৮ হাজার ৯০৬। অর্থাৎ দুই বছরের ব্যবধানে নতুন আক্রান্ত ও মৃত্যুর প্রাক্কলিত সংখ্যা—দুটিই বেড়েছে। তবে এ সংখ্যাগুলোকে নিশ্চিতভাবে শনাক্ত হওয়া রোগীর গণনা হিসেবে দেখা ঠিক হবে না। বাংলাদেশে পূর্ণাঙ্গ জাতীয় জনসংখ্যাভিত্তিক ক্যানসার নিবন্ধনব্যবস্থা না থাকায় এসব সংখ্যা মূলত মডেলভিত্তিক প্রাক্কলন।


কোন ধরনের ক্যানসার বেশি হচ্ছে, সে প্রশ্নেও রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। গ্লোবোক্যান ২০২২ অনুযায়ী, বাংলাদেশে সামগ্রিকভাবে সবচেয়ে বেশি দেখা গেছে খাদ্যনালির ক্যানসার—২৫ হাজার ২৩২ জন। এরপর ঠোঁট ও মুখগহ্বরের ক্যানসার—১৬ হাজার ৮৩ জন এবং ফুসফুসের ক্যানসার—১৩ হাজার জন। নারীদের মধ্যে স্তন ক্যানসার সবচেয়ে বেশি—১২ হাজার ৯৮৯ জন; এরপর জরায়ুমুখের ক্যানসার—৯ হাজার ৬৪০ জন। পুরুষদের মধ্যে খাদ্যনালি, ঠোঁট ও মুখগহ্বর এবং ফুসফুসের ক্যানসার সবচেয়ে বেশি দেখা গেছে। শিশুদের ক্ষেত্রে লিউকেমিয়া বা রক্তের ক্যানসারও একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ।


এই পরিসংখ্যান কেবল রোগের সংখ্যা নয়; এর পেছনে রয়েছে হাজার হাজার পরিবারের জীবনসংগ্রাম। বাংলাদেশের ক্যানসার রোগীদের দুর্ভোগের চিত্র আরও ভয়াবহ। প্রথম আলোর সাম্প্রতিক একটি অনুসন্ধানী প্রতিবেদনে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের যে চিত্র উঠে এসেছে, তা আমাদের স্বাস্থ্যব্যবস্থার গভীর সংকটের প্রতিচ্ছবি। রোগীর স্বজনরা পরীক্ষার সিরিয়াল পেতে আগের মধ্যরাত থেকে লাইনে দাঁড়াচ্ছেন। কেউ মাদুর বিছিয়ে হাসপাতালের মেঝেতে রাত কাটাচ্ছেন। রেডিওথেরাপির জন্য কারও অপেক্ষা করতে হচ্ছে মাসের পর মাস। চিকিৎসা পাওয়ার নিশ্চয়তা নেই, অথচ ক্যানসারের কাছে সময়ই সবচেয়ে মূল্যবান।


একজন রোগীর স্বামী রেডিওথেরাপির তারিখ পেয়েছিলেন ২০২৭ সালের মে মাসে। তাঁর স্ত্রীর চিকিৎসা তখনই প্রয়োজন ছিল। ঘটনাটি একটি বড় প্রশ্ন সামনে আনে—যে চিকিৎসা নির্দিষ্ট সময়ে না পেলে রোগীর জীবন ঝুঁকিতে পড়ে, সেই চিকিৎসার জন্য একজন মানুষকে এত দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে কেন? প্রতিবেদনে এমন রোগীর কথাও এসেছে, যিনি হাসপাতালে ভর্তি হতে না পেরে মেঝেতে পড়ে ছিলেন এবং পরে মারা যান। তাঁর স্বজনের আক্ষেপ, হাসপাতালে নিয়ে গিয়ে শুধু টানাহেঁচড়াই করেছেন, ভর্তি করাতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও