পররাষ্ট্রনীতির কৌশল ও ভারসাম্যের সমীকরণ
‘আন্তর্জাতিক রাজনীতি, সব রাজনীতির মতোই, ক্ষমতার জন্য সংগ্রাম।’ স্নায়ুযুদ্ধের সূচনালগ্নে শিকাগোর নিজের ডেস্ক থেকে হ্যান্স মর্গেনথাউ এ বাক্যটি লিখেছিলেন। তার ‘পলিটিক্স অ্যামং নেশন্স’ গ্রন্থটি দ্রুত আমেরিকার সবচেয়ে বহুল পঠিত আন্তর্জাতিক সম্পর্কের পাঠ্যবই হয়ে ওঠে এবং প্রজন্মের পর প্রজন্মের পণ্ডিত ও নীতিনির্ধারকদের জন্য বাস্তববাদ বা রিয়ালিজমের বৌদ্ধিক কাঠামো তৈরি করে। মর্গেনথাউয়ের তত্ত্ব বাংলাদেশের জন্যও প্রাসঙ্গিক। বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান স্বার্থ হলো আঞ্চলিক স্থিতিশীলতা, সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং সব প্রতিবেশী ও প্রধান শক্তির সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা।
বর্তমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল ভিত্তি, যেখানে সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি দৃঢ়ভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে; কিন্তু কাগজে-কলমে ঘোষণা আর বাস্তব কূটনৈতিক চালনা-এ দুইয়ের মধ্যে রয়েছে বিরাট ফারাক। বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রতিটি প্রধান দিক, বিশেষত পশ্চিমা বিশ্ব, মুসলিম বিশ্ব, চীন, পাকিস্তান, ভারত এবং জাতীয় নিরাপত্তা, রোহিঙ্গা ও পার্বত্য চট্টগ্রামের মতো অভ্যন্তরীণ সংকটগুলো নিয়ে পররাষ্ট্রনীতির কৌশল ও ভারসাম্যের সমীকরণ সুস্পষ্টভাবে নিরূপিত হওয়া দরকার।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সবচেয়ে জটিল ও সংবেদনশীল পর্যায়ে রয়েছে। আওয়ামী লীগ আমলে ভারত তার দ্বিপাক্ষিক সম্পর্কের পুরো বাজি শেখ হাসিনার ওপরই ধরেছিল। ২০২৪ সালের আগস্টে হাসিনার পতনের পর সেই বাজি ফাটে। নতুন সরকারের পররাষ্ট্রনীতি ‘আত্মসমর্পণমূলক কূটনীতির যুগের অবসান’ ঘটায়। ভারতের সঙ্গে সম্পর্কের প্রধান সমস্যা এখন হাসিনা ইস্যু। দিল্লিতে তার উপস্থিতি এবং সেখান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে তার মন্তব্য সম্পর্ককে টানাপোড়েনে ফেলছে। ঢাকা প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে, কিন্তু দিল্লি তাকে ফেরত দিতে রাজি নয়-কারণ ফেরত দিলে সম্ভাব্য মৃত্যুদণ্ডের মুখে পড়বেন তাদের দীর্ঘদিনের মিত্র।
ভারতের সঙ্গে দ্বিতীয় বড় ইস্যু পানি। ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে, অথচ পুনর্নবীকরণের আলোচনা এখনো অনিশ্চিত। তিস্তার প্রশ্নও অমীমাংসিত। পানি কেবল কূটনৈতিক ইস্যু নয়-এটি বাংলাদেশের কৃষি, পরিবেশ ও খাদ্য নিরাপত্তার মূলভিত্তি। তৃতীয়ত, সীমান্ত হত্যা ও ‘পুশইন’ এখনো বন্ধ হয়নি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। তাই দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আগে এসব ইস্যুর ন্যায়সংগত সুরাহা প্রয়োজন। বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে সম্পর্ককে ‘শত্রুতা’ বা ‘আত্মসমর্পণ’-এ দুই চরমের বাইরে বেরিয়ে আসতে হবে। সম্পর্কের ভিত্তি হতে হবে জাতীয় স্বার্থ, আবেগ নয়।
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে অর্থনৈতিকভাবে সবচেয়ে ঘনিষ্ঠ। চীন ১৬ বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং ২০২৫ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২৪.১৪ বিলিয়ন ডলার-যা ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের (১৩.৪৯ বিলিয়ন ডলার) প্রায় দ্বিগুণ। ২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে চীন স্পষ্ট করে দেয়-তারা বাংলাদেশের ‘সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার’ হতে চায় এবং বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে বেল্ট অ্যান্ড রোডের সমন্বয় ঘটাতে চায়।
- ট্যাগ:
- মতামত
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি