সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় কয়েকটি অপরাধের শাস্তি কমানো এবং নিবন্ধিত সংবাদমাধ্যমের জন্য কিছু সুরক্ষার প্রস্তাব এসেছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া সংশোধন ও আবার জনমতের জন্য প্রকাশ করা ইতিবাচক উদ্যোগ। কিন্তু একটি আইনের গ্রহণযোগ্যতা শুধু শাস্তির মেয়াদ দিয়ে বিচার করা যায় না। কোন কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে, তার সংজ্ঞা কতটা সুনির্দিষ্ট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কতটা ক্ষমতা দেওয়া হচ্ছে—এসবই মূল বিবেচ্য। সেই বিচারে নতুন খসড়াতেও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।
গুজব ও অপতথ্য প্রচারের সর্বোচ্চ কারাদণ্ড ১০ বছর থেকে ৫ বছর এবং মানহানির শাস্তি ৫ বছর থেকে ২ বছর করার প্রস্তাব রয়েছে। জরিমানাও কমানো হচ্ছে। কিন্তু সমালোচনা বা ব্যঙ্গের জন্য কাউকে ফৌজদারি মামলার মুখোমুখি করার সুযোগ থাকলে শাস্তি কমানো কোনো বড় পরিবর্তন আনবে না। মামলা, গ্রেপ্তার, জামিনের অনিশ্চয়তা ও দীর্ঘ বিচারপ্রক্রিয়াই একজন মানুষের জন্য শাস্তি হয়ে উঠতে পারে। ফলে আইনের নিবর্তনমূলক চরিত্র বদলাতে হলে অপরাধের তালিকা ও সংজ্ঞাতেই মৌলিক পরিবর্তন প্রয়োজন।
গুজবের সংজ্ঞা থেকে ‘অসমর্থিত তথ্য’ বাদ দিয়ে ইচ্ছাকৃত মিথ্যা বা বিকৃত তথ্য প্রচারের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটি কিছুটা অগ্রগতি। তবে ‘উত্তেজনা’ কিংবা ‘সামাজিক অস্থিরতা’ সৃষ্টির মতো শব্দের প্রয়োগ কীভাবে হবে, সেই প্রশ্ন থাকছে। সরকারের ব্যর্থতা বা অনিয়মের খবরেও জনমনে ক্ষোভ তৈরি হতে পারে। সেই প্রতিক্রিয়াকে অপরাধের ভিত্তি বানানোর সুযোগ রাখা চলবে না। ইচ্ছাকৃত প্রতারণা বা সহিংসতায় সরাসরি উসকানির সঙ্গে সংবাদ, মতামত ও সমালোচনার পার্থক্য স্পষ্ট করতে হবে।
মানহানির সংজ্ঞায় ‘গঠনমূলক সমালোচনার সীমা’ অতিক্রমের কথা আরও উদ্বেগজনক। কোন সমালোচনা গঠনমূলক, তা নির্ধারণ করবে কে? সমালোচনা গ্রহণের শর্ত কি সংশ্লিষ্ট ব্যক্তির সন্তুষ্টি হবে? মিম, ব্যঙ্গচিত্র বা ক্যারিকেচারকে উপহাসের যুক্তিতে অপরাধের আওতায় আনার সুযোগ থাকলে রাজনৈতিক ব্যঙ্গও ঝুঁকিতে পড়বে। চেহারা বা শারীরিক বৈশিষ্ট্য নিয়ে অবমাননা অবশ্যই নিন্দনীয়। কিন্তু তা প্রতিকারের বিধান যেন ক্ষমতাবানদের সমালোচনা থেকে রক্ষার ঢাল না হয়। মানহানির জন্য কারাদণ্ডের বিধান বাদ দিয়ে উপযুক্ত দেওয়ানি প্রতিকারের ব্যবস্থা করাই বাঞ্ছনীয়।
নিবন্ধিত সংবাদমাধ্যমে প্রকাশিত কনটেন্টের কারণে গ্রেপ্তারের আগে ট্রাইব্যুনালের অনুমতি এবং মামলা শুরুর আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রস্তাব স্বস্তিদায়ক। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা কেবল নিবন্ধিত প্রতিষ্ঠানের অধিকার নয়; ফ্রিল্যান্স সাংবাদিক, স্বাধীন লেখক ও সাধারণ নাগরিকের জন্যও সমান সুরক্ষা প্রয়োজন। সংবাদমাধ্যমের নিবন্ধন নাগরিক অধিকারের মানদণ্ড হতে পারে না। পাশাপাশি সংবাদকক্ষে তল্লাশি ও সাংবাদিকদের যন্ত্রপাতি জব্দের ক্ষেত্রেও কার্যকর বিচারিক সুরক্ষা থাকতে হবে; নইলে সংবাদসূত্রের গোপনীয়তা বিপন্ন হবে।
কনটেন্ট অপসারণের ক্ষেত্রে ‘দেশের মর্যাদা’ ও ‘জনশৃঙ্খলা’র মতো অস্পষ্ট শব্দ প্রশাসনকে ব্যাপক ক্ষমতা দিতে পারে। অপসারণের সিদ্ধান্তের সময়ই কারণ জানানো, দ্রুত আপিল এবং স্বাধীন বিচারিক পর্যালোচনার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। একইভাবে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় হামলার ক্ষেত্রে প্রমাণ রক্ষার জরুরি প্রয়োজন থাকলেও বিনা পরোয়ানায় তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা কঠোর শর্ত ও দ্রুত বিচারিক পর্যালোচনার অধীন রাখতে হবে।
- ট্যাগ:
- মতামত
- সাইবার আইন
- সংশোধন