যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা

www.ajkerpatrika.com জাহীদ রেজা নূর প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫১

কত ধরনের প্রশ্নই না মাথায় আসে। বর্তমানে দেশের রাজনীতি এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার আশা করা ক্রমেই দুষ্কর হয়ে পড়ছে। প্রতিহিংসার রাজনীতি, মববাজি, পেশিশক্তির কাছে শুভবুদ্ধির পরাজয়ের মধ্যে যদি রাজনীতি ঘোরাফেরা করতে থাকে, তাহলে আদৌ সাধারণ মানুষের জীবনে ইতিবাচক কোনো পরিবর্তন কি আসবে? এই দুশ্চিন্তা থেকে কে আর মুক্ত এখন? এই বিষয়ে কথা বলতে গেলে অতীতের কিছু ব্যাপারে আলোকপাত করা জরুরি।


বৃহৎ পরিসরে ভাবতে গেলে, পৃথিবীটা হঠাৎ করেই উথালপাতাল ঢেউয়ের সামনে গিয়ে পড়েছে বলে মনে হতে পারে। ‘হঠাৎ করে’ বলা হলেও মূলত ভেতরে-ভেতরে এ ধরনের একটা ঝড় তৈরি হচ্ছিল সবার অগোচরেই। গত শতাব্দীর ষাটের দশকে যখন আফ্রিকা আর এশিয়ায় একের পর এক দেশ উপনিবেশমুক্ত হচ্ছিল, তখন মনে হয়েছিল এই নবীন রাষ্ট্রগুলো বন্ধনমুক্ত হয়ে স্বকীয় ধারায় দেশ চালাবে। তাদের বেশির ভাগ দেশের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। কিন্তু অভিজ্ঞতায় দেখা গেল, উপনিবেশকারীদের বহু অন্যায় আচরণ রপ্ত করে নিয়েছে এই দেশগুলোর মাথারা। ভেতরের শক্তি ও বাইরের শক্তির সমীকরণ এক-একটি সদ্য স্বাধীন দেশকে পরীক্ষার সামনে ফেলল। ফলে কাঙ্ক্ষিত মুক্তির ঠিকানা পাওয়া সম্ভব হলো না। মুক্ত দেশগুলোর মধ্যে খুব কম দেশই তাদের নিজস্ব শক্তি নিয়ে পৃথিবীর বুকে ঠাঁই করে নিতে পেরেছে। সে সময় যে দুই মেরুর পৃথিবী ছিল ধনতন্ত্র আর সমাজতন্ত্রকে মাথায় নিয়ে, সে পৃথিবীও একসময় ধসে পড়েছিল সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্র হয়ে উঠেছিল এক মেরু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। কিন্তু একটা ভারসাম্য তো দরকার হয়। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অন্তর্ভুক্ত ইউরোপীয় দেশগুলোর বিপরীতে রাশিয়া-চীন ধীরে ধীরে শক্তিশালী হতে থাকল। ব্রিকস খুলল নতুন সম্ভাবনার দ্বার। কিন্তু এখনো যুক্তরাষ্ট্রকেন্দ্রিক শক্তি প্রবল প্রতাপে টিকে আছে, যদিও নানাভাবে তাদের কর্তৃত্বের অবসানের কিছু চিহ্ন ফুটে উঠছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যে খুবই বেকায়দায় পড়েছেন, তা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেই দেখা গেছে।


এই কথাগুলো বলার কারণ হলো, সেই সময় পর্যন্ত যে মূল্যবোধগুলো মানুষের চালিকাশক্তি ছিল, সেগুলো ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। ফলে, সেই সময়ের মূল্যবোধ নিয়ে এগিয়ে যাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে। নতুন সময়ে নতুন নতুন চিন্তাধারা এসে ছেয়ে ফেলছে রাজনৈতিক মানচিত্র। কিন্তু তা আদৌ কোনো মূল্যবোধ কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। পশ্চিমাদের মদদে যা ঘটছে, তার শুলুক সন্ধানে যাওয়া যাক।


২.


একবিংশ শতাব্দীর সবচেয়ে বিস্ময়কর ঘটনা কী, এক বাক্যে তার উত্তর দেওয়া যাবে না। তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান আগ্রাসনকে একটি বড় বিস্ময়ের ব্যাপার বলতে হবে। প্রশ্ন হচ্ছে, মানুষ কি নিজেকে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে সঁপে দেবে? জ্ঞানার্জনের জন্য মেধা না খাটিয়ে চ্যাটজিপিটি, জেমিনি বা এ রকম কোনো তথ্যভান্ডারের দ্বারস্থ হবে? পরীক্ষার প্রশ্নের উত্তরও দিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা? বহু দেশই এখন তথ্যপ্রযুক্তির এই দানবীয় রূপ সম্পর্কে আতঙ্কিত হচ্ছে। কিন্তু চাইলেই এই দানবকে বোতলে ভরে ফেলা যাবে—এত সহজ নয় ব্যাপারটা।


এই ভয়ংকর তথ্য সবার জানা আছে। তবে আরও একটি বিস্ময়কর ঘটনার কথাও এই পরিবর্তনের সঙ্গে মনে রাখতে হবে, যা কোনোভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে খাটো নয়। গণ-অভ্যুত্থান নামক যে বিপুল জনবিস্ফোরণ একদা দেশে দেশে রাষ্ট্রের স্বৈরাচারী হর্তাকর্তাদের গদিচ্যুত করত, তার মাজেজাও বদলে গেছে। কালার রেভল্যুশনের নানা রূপ এখন প্রকটভাবে ধরা পড়ছে রাষ্ট্রবিজ্ঞানী বা দার্শনিকদের চোখে। আগে যেমন কোনো দেশকে করায়ত্ত করতে হলে অস্ত্রশস্ত্র নিয়ে আগ্রাসন করত কোনো প্রতাপশালী দেশ, অর্থনৈতিক অবরোধ দিয়ে কাবু করত দুর্বল দেশকে, এখন সে রকম না করলেও চলে। এখন কারসাজি বদলেছে। আরব বসন্তের কথা যাঁদের মনে আছে, তারা দুয়ে দুয়ে চার মিলিয়ে নিতে পারবেন।


সম্প্রতি ‘কালার রেভল্যুশন’ নামে একটি বই পড়তে গিয়ে যে বিষয়গুলোকে বেশ গুরুত্বপূর্ণ মনে হলো, তা নিয়েই এবার আলোচনা করব।


স্বতঃস্ফূর্ত গণ-আন্দোলন আর কালার রেভল্যুশনের মধ্যে পার্থক্য হলো, কালার রেভল্যুশন পশ্চিমা—বিশেষ করে মার্কিন ও ইউরোপীয় ভূরাজনৈতিক স্বার্থে পরিকল্পিত ও পরিচালিত একটি প্রক্রিয়া। অত্যন্ত সুকৌশলে সমাজে বিদ্যমান কোনো বাস্তব ও ন্যায্য অভিযোগকে কাজে লাগিয়ে গণ-অসন্তোষকে কেন্দ্র করে কালার রেভল্যুশন ঘটিয়ে দেওয়া হয়। নিজ দেশের সরকারি দল কর্তৃক নির্বাচনী জালিয়াতি, দুর্নীতি বা স্বৈরাচারী দমননীতিকে কেন্দ্র করে এই অসন্তোষ গড়ে ওঠে। কিন্তু এর পেছনে পশ্চিমাদের টাকাও যে বড় একটি ভূমিকা রাখে, সেটা সবাইকে জানতে দেওয়া হয় না। পশ্চিমাদের স্বার্থে পরিচালিত এই ধরনের রঙিন বিপ্লবের কথা নিয়ে এখন পৃথিবীজুড়েই আলোচনা চলছে।


গণ-আন্দোলন ও কালার রেভল্যুশনের মধ্যে যে পার্থক্য দেখা যায়, তা নিয়েও ভেবেছেন বিশেষজ্ঞরা। তাঁরা প্রশ্ন রেখেছেন, আন্দোলন শুরুর অনেক আগে থেকেই কি নির্দিষ্ট নেতৃত্ব, প্রতীক ও প্রশিক্ষিত কর্মী দল প্রস্তুত ছিল, নাকি সংকটের মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে নেতৃত্ব? কারা এই আন্দোলনে অর্থ জোগান দিচ্ছে? কোনো বিদেশি রাষ্ট্র বা তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংস্থা কি কোনোভাবে অর্থের সংস্থান করছে? আন্দোলনের খবর পশ্চিমা মিডিয়া কীভাবে দিচ্ছে? তারা কি অস্বাভাবিক দ্রুততায় এবং একই ধরনের বয়ানে আন্দোলনের পক্ষে প্রচার করছে? পরিবর্তনের পর এই আন্দোলনকারীরা ক্ষমতায় এলে তারা কি কোনো পরাশক্তির সঙ্গে নতুন চুক্তি করছে? এইসব বিষয় দেখলে পরিষ্কার হয়ে যাবে, এটি গণ-আন্দোলন নাকি কালার রেভল্যুশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও